খেলাধুলা

দক্ষিণ আফ্রিকা সিরিজে গিল অনিশ্চিত, অধিনায়কত্বে ফিরতে রাজি নন রোহিত—বিপাকে বিসিসিআই

নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়া সফরে লজ্জাজনক ওডিআই সিরিজ হারের পরই ফের সমালোচনার মুখে টিম ইন্ডিয়া। এই সিরিজে প্রথমবার একদিনের দলের নেতৃত্বে দেখা গিয়েছিল শুভমান গিলকে। ঠিক এমন সময়েই সামনে এল নতুন ধাক্কা—চোটের কারণে দক্ষিণ আফ্রিকার হয়ে আসন্ন হোম সিরিজেও নেতৃত্ব দিতে পারবেন না ভারতীয় তরুণ অধিনায়ক।

ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করে মাত্র তিন বল খেলেই রিটায়ার্ড আউট হন গিল। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পর্যবেক্ষণে থাকলেও এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার মতো অবস্থায় নেই তিনি। বিসিসিআই–এর অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ নভেম্বর শুরু হতে চলা ওডিআই সিরিজে তাঁর থাকা কার্যত অসম্ভব।

অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়া শ্রেয়স আইয়ারও এখনও পুরোপুরি ফিট নন। ফলে নেতৃত্বের বিকল্প হিসেবে তাকানো হচ্ছিল রোহিত শর্মার দিকে। কিন্তু বিসিসিআই–এর অনুরোধ সত্ত্বেও হিটম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত তিনি একদিনের দলে ফিরে অধিনায়কত্ব নিতে আগ্রহী নন।

উল্লেখ্য, রোহিতের নেতৃত্বেই ভারত ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। পরে তাঁর অধিনায়কত্বে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে মেন ইন ব্লু। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ট্রফি এনে দিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরের আগেই ওডিআই অধিনায়ক হিসেবে তাঁকে সরানোর সিদ্ধান্তের পর বিসিসিআই নির্বাচকদের ভূমিকা নিয়ে সমালোচনা তীব্র হয়েছিল।

স্পিনিং ট্র্যাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিং ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠছে দলের স্থিতিশীলতা নিয়েও। তাড়াতাড়ি অধিনায়ক খুঁজে বের করতে না পারলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভারত।

বিসিসিআই সূত্রের দাবি, খুব শিগগিরিই ঘোষণা করা হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের নতুন ওডিআই স্কোয়াড। দলের নেতৃত্ব কে দেবেন, এখন সেই সিদ্ধান্তেই নজর ক্রিকেটবিশ্বের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.