জেলা

এসআইআর প্রক্রিয়ায় দৃষ্টান্ত স্থাপন দুই যুবক-যুবতীর—নদিয়া–বীরভূমের দুই সেরা বিএলও-র লড়াই ও সাফল্যের গল্প

রাজ্যের এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া যে শুধু কাগজে-কলমে সহজ, মাঠে নেমে তা কতটা কাঁটায় ভরা পথ—তার প্রকৃত প্রমাণ রেখে দিলেন রাজ্যের দুই তরুণ বুথ লেভেল আধিকারিক। নির্বাচন কমিশনের খাতায় রাজ্যের সেরা দুই বিএলও হিসেবে নাম উঠল নদিয়ার ওয়াহিদ আক্রম মণ্ডল ও বীরভূমের পূজা ঘোষের। মাত্র ১৭ দিনেই নিজেদের বুথের সব কাজ শেষ করে তাঁরা দেখিয়ে দিলেন নিষ্ঠা আর পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি।

রানাঘাট উত্তর-পূর্বের পার্ট নম্বর ১০১—বড়চুপরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বিএলও ওয়াহিদ আক্রমের দায়িত্বে ছিল মোট ৮০৬ জন ভোটার। সময়সীমার অনেক আগেই এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে ডিজিটাইজেশন—সব কাজ নিখুঁতভাবে শেষ করেছেন তিনি। দু’দিনে মাত্র ২০০ ফর্ম হাতে পেয়েও তা প্রথম ৪৮ ঘণ্টার মধ্যেই পৌঁছে দেন ভোটারদের কাছে। দিনরাত পরিশ্রম, প্রতিদিনের কাজ সেরে তবে বাড়ি ফেরা—এই নিয়মেই এগিয়েছেন ওয়াহিদ। মাঝেমধ্যেই অ্যাপ নষ্ট, সার্ভার স্লো—সব বাধাই পেরিয়েছেন ধৈর্য ধরে। কমিশন তাঁর নিষ্ঠাকে সম্মান জানিয়ে বিশেষ সংবর্ধনাও দিয়েছে।

অন্যদিকে, মহিলাদের জন্য মাঠে কাজ করা যে আরও চ্যালেঞ্জিং—তা বুঝিয়ে দিলেন বীরভূমের লাভপুরের বিপ্রটিকুড়ির ১৬৬ নম্বর বুথের বিএলও পূজা ঘোষ। তাঁর দায়িত্বে ছিল ১,০১৭ জন ভোটার—সংখ্যায় অনেক বেশি। রাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বা সংগ্রহ করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তবু হার মানেননি। দিনের শেষে যখন সার্ভার অচল, তখন রাত ২টো—কখনও ৪টে পর্যন্ত জেগে বসে ডিজিটাইজেশন চালিয়ে গেছেন। প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফর্ম আপলোড করেছেন তিনি। তাঁর ৯৯.৯১% কাজ সম্পূর্ণ, মাত্র তিনটি ফর্ম তথ্যজনিত সমস্যায় আটকে।

এই দুই বিএলও দেখালেন—কমিশনের চাপ, সার্ভারের সমস্যায় ভরা বাস্তব পরিস্থিতি, নিরাপত্তা কিংবা সময়সীমার বাধা—কিছুই তাঁদের থামাতে পারেনি। প্রথম সারির এই দুই তরুণ-তরুণীর সাফল্যই প্রমাণ করে, প্রশাসনিক কাজের যোদ্ধারাও মাঠে নেমে সমানভাবে ‘ডিউটি ফার্স্ট’-এর উদাহরণ গড়ে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.