পশ্চিমবঙ্গ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই ফের গর্বে ভাসল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর। সুরতপুর শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শঙ্খদীপ মান্না এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৯২ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তার এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।
সাধারণ পরিবার থেকে উঠে আসা শঙ্খদীপের এই সাফল্য অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প। তার বাবা গণেশ মান্না পেশায় একজন স্বর্ণ শিল্পী এবং মা একজন গৃহবধূ। সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের পড়াশোনায় কোনও খামতি রাখেননি পরিবার। বিশেষ করে মা সবসময় পড়াশোনার দিকে নজর রেখেছেন বলে জানিয়েছে পরিবার সূত্রে।
ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী শঙ্খদীপ। গ্রামের পরিবেশে বেড়ে ওঠা এই ছাত্র নিজের অধ্যবসায় এবং নিয়মিত পরিশ্রমের মাধ্যমে আজ রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও তার এই সাফল্যে উচ্ছ্বসিত।
ফল প্রকাশের পর শঙ্খদীপ জানিয়েছে, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন ইঞ্জিনিয়ার হওয়াই তার স্বপ্ন।
শঙ্খদীপের এই সাফল্যে গর্বিত দাসপুরবাসী। এলাকার বহু মানুষ তার বাড়িতে ভিড় জমিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এক সাধারণ পরিবারের ছেলের এই অসাধারণ সাফল্য ফের প্রমাণ করল— কঠোর পরিশ্রম থাকলে সাফল্য একদিন আসবেই।







