শনিবার ছুটির দিনে সহকর্মীদের সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে এসে মন্দারমণির জলে তলিয়ে নিখোঁজ হওয়া তথ্য-প্রযুক্তি কর্মী স্বরাজ বসুর (২৩) নিথর দেহ দু’দিন পর উদ্ধার হলো। পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকার বাসিন্দা স্বরাজের বাবা স্বপন বসু ওই জেলাতেই কর্তব্যরত একজন পুলিশ কর্মী। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্বরাজ এবং তাঁর চার সহকর্মী (যার মধ্যে একজন মহিলা ছিলেন) শনিবার দুপুরে মেরিন ড্রাইভ এলাকায় পৌঁছন। গাড়ি পার্ক করে মোহনার কাছে যাওয়ার পরই ঘটে দুর্ঘটনা। সহকর্মীদের দাবি অনুযায়ী, স্বরাজ জলের কাছাকাছি নেমে যান এবং তারপরই তিনি নিখোঁজ হন।স্বরাজ নিখোঁজ হওয়ার খবর দ্রুত মন্দারমণি কোস্টাল থানায় পৌঁছয়। এরপর পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল নিরন্তর তল্লাশি অভিযান শুরু করে। রবিবার সন্ধ্যা পর্যন্ত দিঘা থেকে মন্দারমণি পর্যন্ত সমুদ্রপথে বারবার উদ্ধারকারী দল চষে বেড়ালেও স্বরাজের কোনো খোঁজ মেলেনি। এই অবস্থায় পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল।
অবশেষে সোমবার সকালে দুঃসংবাদটি আসে। স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার সময় মন্দারমণির শিলামপুর মৌজার কাছাকাছি তাঁদের জালে একটি দেহ আটকে থাকতে দেখেন। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার ওসি অর্কদীপ হালদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।ওসি হালদার জানান, “স্থানীয়দের কাছ থেকে আমরা দেহ উদ্ধারের খবর পাই। ওই যুবক সমুদ্রে তলিয়ে গিয়েছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিখোঁজ হওয়ার ঘটনায় এখনো পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”







