সোমবার সকালে কলকাতার গাঙ্গুলিবাগান এলাকা ফের উত্তপ্ত হয়ে উঠল এক রহস্যময় হামলায়। রামগড় এলাকার রাস্তায় গুরুতর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। আক্রান্ত ব্যক্তি পেশায় মৃৎশিল্পী এবং তিনি রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বাঘাযতীনের একটি হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ওই ব্যক্তির গলায় ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপানোর গভীর চিহ্ন রয়েছে।কে বা কারা এই ব্যক্তির উপর এমন নৃশংস হামলা চালাল, তার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আহত মৃৎশিল্পীর পরিবার-পরিজনের সঙ্গে কথা বলছে পুলিশ। একই সঙ্গে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়।
এই ঘটনার দিন দুয়েক আগেই কসবার একটি হোটেলের ঘর থেকে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কার দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ সন্দেহ করে, আদর্শকে খুন করা হয়েছে। সেই ঘটনায় জড়িত সন্দেহে রবিবার তাঁর দুই সঙ্গী (এক যুবক ও এক তরুণী) ধরা পড়েন। এই ধরনের অপরাধমূলক ঘটনা শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।







