কলকাতা হাই কোর্টে আইনজীবী বেশে মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে বাম এবং তৃণমূলের সওয়াল বিজেপি সরকারের বিরুদ্ধে! আর সেই কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের পোশাক পরে কলকাতা হাইকোর্টে যান । তাঁর পাশে দাঁড়িয়েই ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও । আজ বৃহস্পতিবার ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেই মামলায় সওয়াল করতে সকালেই কালো শামলা পরে হাই কোর্টে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুনানির সময় উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, এটা উত্তরপ্রদেশ নয়, বাংলা—তাই বাংলার মানুষকে রক্ষা করা হোক। এই মামলায় কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করেন আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি দাবি করেন, নিউ মার্কেট এলাকার হকারদের অস্থায়ী দোকান বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি।
নির্বাচন শেষে , বহু জায়গাতেই তৃণমূল কার্যালয় ভাঙচুর ও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। কলকাতা থেকে বিভিন্ন জেলা , সব জায়গা থেকেই একই অভিযোগ সামনে এসেছে। শুধু যে তৃণমূল তা নয়, ভোটের ফলপ্রকাশের পর থেকে বিজেপি নেতাকর্মীও বহুক্ষেত্রে আক্রান্ত হয়েছেন। দুই বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ করছে বিজেপি সরকার। এরই মধ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগে কলকাতা হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে উপস্থিত হন তৃণমূল নেত্রী। সওয়াল শুরু করার আগে তিনি প্রধান বিচারপতির অনুমতি চেয়ে বলেন, “আমি ১৯৮৫ সাল থেকে আইনজীবী হিসেবে কাজ করছি। সেই পরিচয়েই আমি নিজের বক্তব্য পেশ করতে চাই।” এরপর একের পর এক অভিযোগ তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে ৯২ বছরের বৃদ্ধ, ১৮ বছরের দম্পতিকেও । হুমকি দেওয়া হচ্ছে তপশিলি জাতি, সংখ্যালঘু শ্রেনীদের । শুধু তাই নয়, তাঁকে বাড়ি থেকে বেরিয়ে থানায় যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাধ্য হয়ে অনলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে হচ্ছে। এরপর প্রধান বিচারপতির বেঞ্চে আবেগঘন আবেদন জানিয়ে তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া হোক। যদিও পাল্টা পুলিশের আইনজীবী ধীরাজ ত্রিবেদী দাবি করেন, এই মামলাকে আগের ভোট-পরবর্তী হিংসার মামলার সঙ্গে যুক্ত করে বৃহত্তর বেঞ্চে পাঠানো উচিত। পাশাপাশি তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করা হচ্ছে এবং কেউ অপরাধে জড়িত থাকলে পুলিশ অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।







