ধূপগুড়ি মহকুমার পূর্ব আলতাগ্রাম প্রধান পাড়ার এক চাষের জমি মঙ্গলবার গভীর রাতে পরিণত হল আতঙ্কের কেন্দ্রে। কেটে রাখা ধানের গাদার নিচে থেকে উদ্ধার হল ফরিদা বেগম (৪৫)-এর রক্তাক্ত মৃতদেহ। ঘটনার রহস্যঘন পরিবেশ চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সেদিন রাতেও মাঠে ধান কাটতে গিয়েছিলেন কয়েকজন চাষি। তাঁদের নজরে আসে মাঠের এক কোণে অস্বাভাবিকভাবে জড়ো করে রাখা ধানের গাদা। দূর থেকেই সন্দেহ হওয়ায় এগিয়ে যান তাঁরা। অন্ধকারের মধ্যেই হঠাৎ চোখে পড়ে সেই ধানের গাদার ফাঁক দিয়ে বেরিয়ে থাকা মানুষের হাত। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাহস সঞ্চয় করে ধান সরাতে গিয়ে চাষিরা দেখতে পান রক্তাক্ত দেহ—ধানচাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছে ফরিদা বেগমকে।
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। এলাকাটি ঘিরে ফেলে শুরু হয় প্রাথমিক তদন্ত। পুলিশ সূত্রে জানা যায়, মৃতার শরীরে রয়েছে একাধিক গভীর আঘাতচিহ্ন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান—এটি খুনের ঘটনা। হত্যার পর দেহ লুকোতেই তড়িঘড়ি ধানের গাদার নিচে চাপা দেওয়া হয়েছিল। তবে খুনের মোটিভ কি, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নাকি অন্যত্র খুন করে দেহ ফেলা হয়েছে—সব দিকই সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
মৃতার পরিচয় শনাক্ত হওয়ার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, ফরিদা বেগম শান্ত স্বভাবের মহিলা ছিলেন। কারও সঙ্গে প্রকাশ্যে বিরোধ ছিল না। এই অবস্থায় খুনের ঘটনা আরও বাড়িয়েছে রহস্য।
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের জেরে গোটা পূর্ব আলতাগ্রামে নিরাপত্তা ও অপরাধ দমনে আরও কড়া নজরদারি শুরু হয়েছে।







