বিদেশ

ট্রেন দুর্ঘটনায় স্তব্ধ চীন:কুনমিংয়ে বাঁকে রেল রক্ষণাবেক্ষণের সময় ভয়াবহ দুর্ঘটনা

রেললাইনে কাজ করার সময় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১১ জন রেলকর্মী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবর অনুযায়ী, লুওয়াংঝেন স্টেশনের কাছে একটি বাঁকানো রেলপথে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে রেল রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন কর্মীরা। ঠিক সেই সময় একটি ট্রেন দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে। জানা গেছে, যে ট্রেনটি এই দুর্ঘটনা ঘটিয়েছে, সেটি তখন আসলে ভূকম্পন সংক্রান্ত কিছু সরঞ্জাম পরীক্ষার জন্য চালানো হচ্ছিল।

এই দুর্ঘটনায় ১১ জন কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার দ্রুত সেখানে জরুরি ব্যবস্থা সক্রিয় করে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং উদ্ধার কাজ শুরু হয়। সিনহুয়া জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশদ তদন্ত শুরু হয়েছে। বর্তমানে লুওয়াংঝেন স্টেশনে রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, চীন বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্কের মালিক হলেও, সাম্প্রতিক বছরগুলোতে সেখানে কয়েকটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। যদিও গত কয়েক দশকে এই ধরনের বড় দুর্ঘটনা কমে এসেছে। এর আগে ২০২২ সালে গুইঝো প্রদেশে ভূমিধসের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল, যেখানে একজন চালকের মৃত্যু হয়েছিল। এর চেয়েও বড় দুর্ঘটনা ঘটেছিল ২০১১ সালে, যখন ওয়েনঝোউতে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪০ জন নিহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.