হায়দরাবাদে এক গৃহবধূকে খুন করে গয়না ও নগদ টাকা নিয়ে পালালেন দুই অভিযুক্ত। পুলিশের তৎপরতায় ঝাড়খণ্ড থেকে ধরা পড়েছে ওই দুজন। জানা গিয়েছে, নিহতের নাম রেণু আগরওয়াল বয়স ৫০। তিনি সাইবারাবাদের একটি বহুতলের ১৩ তলায় স্বামী ও ছেলের সঙ্গে থাকতেন।
ঘটনার দিন তাঁর স্বামী ও পুত্র বাইরে ছিলেন। সন্ধ্যায় ফিরে এসে বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বারান্দা দিয়ে ঢোকেন। ভেতরে গিয়ে দেখেন, হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে রয়েছে রেণুর। তদন্তে পুলিশ জানতে পারে, প্রথমে প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত করা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে খুন করা হয়।
অভিযোগ, খুনের পর অভিযুক্তেরা ফ্ল্যাট থেকে প্রায় ৪০ গ্রাম সোনা ও এক লক্ষ টাকার বেশি নগদ নিয়ে যায়। পালানোর আগে তারা বাথরুমে স্নান করে রক্তমাখা জামাকাপড় ফেলে রেখে নতুন পোশাকে বেরিয়ে যায়। এমনকি পাশের ফ্ল্যাটের মালিকের সাইকেল নিয়েও চম্পট দেয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দ্রুত তল্লাশি শুরু করে। অবশেষে ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে ধরা হয় দুই অভিযুক্তকে। এর মধ্যে একজন সম্প্রতি রেণুর বাড়িতে পরিচারকের কাজ শুরু করেছিলেন, আর অন্যজন পাশের ফ্ল্যাটে কাজ করতেন। তাঁদেরকে হায়দরাবাদে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।







