খেলাধুলা

আইপিএল-কে বিদায় ম্যাক্সওয়েলের: মিনি নিলাম থেকে নাম প্রত্যাহার অস্ট্রেলিয়ান তারকার,

আগামী মরসুমের আইপিএল মিনি নিলামের আগে বড়সড় ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল জানিয়ে দিলেন, তিনি এই বছর নিলামে থাকছেন না। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার মঙ্গলবার কার্যত ইঙ্গিত দিয়েছেন যে তিনি সম্ভবত আর কখনোই আইপিএলে খেলবেন না।

১৬ ডিসেম্বর আবু ধাবিতে মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই একাধিক তারকা নিজেদের নাম প্রত্যাহার করে নিলেন। ম্যাক্সওয়েলের আগে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলও আইপিএল থেকে অবসরের ঘোষণা করেছেন। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দেওয়ার পর তিনি অন্য কোনো দলের হয়ে খেলতে চান না বলেই এই সিদ্ধান্ত নেন। একই পথে হেঁটে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিও জানিয়ে দিয়েছেন, তিনি এবারের নিলামে থাকছেন না। এবার সেই তালিকায় যুক্ত হলেন ম্যাক্সওয়েল।

ঠিক কী কারণে ম্যাক্সওয়েল এই মুহূর্তে নিলাম থেকে নাম প্রত্যাহার করলেন, তা যদিও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লিখেছেন, “আইপিএল-এ বেশ কিছু অবিস্মরণীয় মরসুম কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বছর আর নিলামে নিজের নাম দেব না। এটা আমার কাছে একটা বড় সিদ্ধান্ত। এই লিগ আমাকে যা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।” গত আইপিএল মরসুম ম্যাক্সওয়েলের জন্য মোটেই ভালো যায়নি। যদিও নিলামে ৪.২ কোটি টাকা দর পেয়েছিলেন তিনি। পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে তাঁকে নিয়ে লড়াই চলেছিল, যেখানে শেষ হাসি হেসেছিল পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এবং রিকি পন্টিংয়ের কোচিংয়ে তিনি খেললেও ব্যাট হাতে সফল হননি। ৬ ইনিংসে মাত্র ৪৮ রান করেন তিনি। এই তারকা অলরাউন্ডারকে সেই মরসুমে বোলার হিসেবেই বেশি ব্যবহার করতে দেখা গিয়েছিল। ব্যাট হাতে ব্যর্থতাই ম্যাক্সওয়েলের এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে কি না, সেই প্রশ্ন এখন ক্রিকেট মহলে ঘুরছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.