অযোধ্যার রামমন্দিরে এবার নিয়োগ হতে চলেছে পূর্ণ সময়ের সিইও। দেশজুড়ে ৫৩০০-রও বেশি আবেদন জমা পড়ার পর প্রাথমিক বাছাইয়ে জায়গা পেয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে ১০ জনের সাক্ষাৎকার ইতিমধ্যেই হয়ে গিয়েছে, বাকি আট জনের সাক্ষাৎকার নেওয়া হবে বুধবার।
তবে এই চাকরির ইন্টারভিউয়ে শুধু প্রশাসনিক দক্ষতা বা কাজের অভিজ্ঞতা নিয়েই প্রশ্ন করা হচ্ছে না। প্রার্থীদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত জীবন নিয়েও জানতে চাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
একটি গুগ্ল ফর্মে প্রার্থীদের কাছে জানতে চাওয়া হচ্ছে—তাঁরা টিকি রাখেন কি না, পৈতে পরেন কি না, নিরামিষ না আমিষ খাবার খান এবং মদ্যপান করেন কি না। এর পাশাপাশি তাঁদের পূর্ববর্তী কর্মজীবন, প্রশাসনিক অভিজ্ঞতা এবং পরিবারের সদস্যদের সম্পর্কেও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, রামমন্দিরে বিপুল ভিড় সামলানোর দক্ষতাও যাচাই করা হচ্ছে। ‘প্রভু’ রামের প্রতি তাঁদের বিশ্বাস কতটা এবং মন্দিরের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি কী—সেটিও ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ অংশ বলে জানা যাচ্ছে।
মন্দির চত্বরে বিশেষ বাছাই কমিটির সামনে এই সাক্ষাৎকার চলছে। কমিটিতে রয়েছেন প্রাক্তন বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং বিজ্ঞানী তথা শিরডি সাঁইবাবা ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান সুরেশ হাওয়ারে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতির পর ফের দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাক্ষাৎকার চলছে। প্রত্যেক প্রার্থীর জন্য বরাদ্দ থাকছে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই পদে ধর্মপ্রাণ হিন্দু এবং নিরামিষাশী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট সীমা—৫০ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে।
সম্প্রতি মন্দিরের দানবাক্স, অনুদানের অর্থ, সোনা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পরই পূর্ণ সময়ের সিইও নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাস্ট। নতুন সিইওর হাতে থাকবে মন্দিরের প্রশাসন, পরিষেবা এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক কর্মকাণ্ডের বড় দায়িত্ব।
ফলে রামমন্দিরের এই নিয়োগ ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন—যোগ্যতার মাপকাঠি কি শুধু প্রশাসনিক দক্ষতা, নাকি তার সঙ্গে ধর্মীয় পরিচয়ও সমান গুরুত্বপূর্ণ? এই নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।







