অপেক্ষার পালা শেষ। ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ খেলার সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার ওয়াশিংটন ডিসিতে ফিফার পক্ষ থেকে প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ড ডি লিমার উপস্থিতিতে এই সূচি প্রকাশ করা হয়।
আগামী বছর ১১ জুন থেকে ফুটবলের এই মহাযজ্ঞ শুরু হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আয়োজক দেশ মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। এটি একটি ঐতিহাসিক পুনরাবৃত্তি, কারণ ২০১০ বিশ্বকাপেও এই দুই দলই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। ফাইনাল খেলা হবে ১৯ জুলাই, আমেরিকার সময় বিকেল ৩টায়। বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আপাতদৃষ্টিতে ব্রাজিল এবং আর্জেন্টিনা সহ অন্যান্য শক্তিশালী দলগুলো তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে। বড় দলগুলোর গ্রুপ পর্বের খেলার সূচি অনুযায়ী আর্জেন্টিনা ১৬ জুন রাত ৯টায় আলজেরিয়ার বিপক্ষে, ২২ জুন দুপুর ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে, এবং ২৭ জুন রাত ১০টায় জর্ডনের বিপক্ষে খেলবে।
ব্রাজিল তাদের প্রথম ম্যাচ ১৩ জুন সন্ধে ৬টায় মরক্কোর সঙ্গে, এরপর ১৯ জুন রাত ৯টায় হাইতি এবং ২৪ জুন সন্ধে ৬টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে। স্পেন ১৫ জুন দুপুর ১২টায় কেপ ভার্দের বিরুদ্ধে, ২১ জুন দুপুর ১২টায় সৌদি আরবের বিরুদ্ধে, এবং ২৬ জুন রাত ৮টায় উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। ফ্রান্স ১৬ জুন বিকাল ৩টেয় সেনেগালের বিরুদ্ধে তাদের যাত্রা শুরু করবে। এরপর ২২ জুন বিকাল ৫টায় ফিফা কোয়ালিফায়ার দল এবং ২৬ জুন বিকাল ৩টেয় নরওয়ের মোকাবিলা করবে।
পর্তুগাল ১৭ জুন দুপুর ১টায় প্রথম ম্যাচ খেলবে ফিফা কোয়ালিফায়ার দলের বিপক্ষে, এরপর ২৩ জুন দুপুর ১টায় উজবেকিস্তান এবং ২৭ জুন সন্ধে সাড়ে ৭টায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে। ইংল্যান্ড ১৭ জুন বিকাল ৪টেয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এবং ২৩ জুন বিকাল ৪টেয় ঘানার বিরুদ্ধে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ২৭ জুন বিকাল ৫টায় পানামার মুখোমুখি হবে।
এই ঘোষণার ফলে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য।







