অনুপম জানা: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ভোররাতে নিজের মাকে কুড়াল দিয়ে আঘাত করে খুন করেছেন ছেলে। ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার অন্তর্গত কাঁউরচণ্ডী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ভারতী চক্রবর্তী (৬৫)। অভিযুক্ত ছেলে বাসুদেব চক্রবর্তী। বুধবার ভোর প্রায় ৪টা নাগাদ এই ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় মায়ের উপর কুড়াল নিয়ে হামলা চালায় বাসুদেব। ঘটনায় ভারতী দেবীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় বাসুদেব মাকে খুন করার কথা স্বীকার করেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। ফরেন্সিক তদন্তের স্বার্থে যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি সিল করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এদিকে, অভিযুক্ত বাসুদেবের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই সে মানসিক সমস্যায় ভুগছিল এবং তার আচরণও ছিল অস্বাভাবিক। তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছেন। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলেই আদালতে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে।







