মধ্যমা প্রদর্শন বিতর্কে যখন নানা অভিযোগে জর্জরিত শাহরুখপুত্র আরিয়ান খান, ঠিক সেই সময়েই কলকাতার এক তারকাখচিত পার্টিতে তাঁর সঙ্গে দেখা হল টলিউড অভিনেত্রী তৃণা সাহার। শীতের রবিবাসরীয় রাতে শহরের এক অভিজাত নাইটক্লাবে আয়োজিত সেই পার্টিতেই প্রথমবার দীর্ঘক্ষণ আলাপচারিতা হয় দু’জনের। আরিয়ানকে ঘিরে চলা বিতর্কের মাঝেই তাঁর ব্যবহারে যে রীতিমতো মুগ্ধ হয়েছেন তৃণা, তা সংবাদমাধ্যমে সাফ জানিয়েছেন অভিনেত্রী।
তৃণা বলেন, ছোটবেলা থেকেই শাহরুখ খানের বড় ভক্ত তিনি। তবে সেই পরিচয়ের আড়ালে আরিয়ানের ব্যক্তিত্ব ও সৌজন্য তাঁকে যেন আরও বেশি করে চমকে দিয়েছে। তৃণার কথায়, “এত বড় পরিবারের ছেলে হয়েও এতটা বিনয়ী—দেখে সত্যিই ভাল লেগেছে। পার্টিতে উপস্থিত প্রত্যেকের দিকে তাঁর নজর ছিল। কে কী খেতে বা পান করতে চাইছেন, সে সব নিজে থেকেই খোঁজ নিচ্ছিলেন।”
জানা গিয়েছে, আরিয়ান প্রায়ই কলকাতায় আসেন। এ বার এক শৈশবের বন্ধুর সঙ্গেই এসেছিলেন শহরে। শাহরুখের ব্যস্ততার তুলনায় আরিয়ানের সময় খানিকটা বেশি হওয়ায় কেকেআর–এর নানা বিষয় তিনিই দেখভাল করেন। পার্টির ফাঁকেই আরিয়ান ও তৃণার মধ্যে কেকেআর নিয়ে কথাবার্তা হয়।
এর মধ্যেই আরিয়ানকে ঘিরে চলছে বিতর্ক। এক নাইটক্লাবে মধ্যমা প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগ উঠেছে, আইনি জটিলতাও তৈরি হয়েছে। তবে তৃণার অভিজ্ঞতা বিতর্কের ঠিক উল্টো ছবি তুলে ধরছে। তিনি জানান, “পার্টি শেষে ছবি তুলতে ম্যানেজার আপত্তি জানিয়েছিলেন। কিন্তু আরিয়ান আগ্রহ দেখিয়েছেন। সকলের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।”
রাত গভীর পর্যন্ত পার্টি চললেও সোমবার সকালে ‘পরশুরাম আজকের নায়ক’–এর শুটিং সেটে নির্দিষ্ট সময়েই পৌঁছন তৃণা। ধারাবাহিকটি সম্প্রতি টিআরপি–র তালিকায় শীর্ষে উঠে এসেছে, তাই কাজের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতেই তৃণার এই তৎপরতা।







