অভিবাসন ইস্যুতে ক্রমশ সুর চড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার সেই আগুনে ঘি ঢাললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সরাসরি অভিবাসীদের বিরুদ্ধে তোপ দেগে তিনি দাবি করলেন, বিদেশিরা এসে আমেরিকার স্বপ্ন চুরি করে নিচ্ছে। তবে তাঁর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র ঝড়। নেটিজেনদের পাল্টা কটাক্ষ, অভিবাসীরা যদি এতই অপছন্দের হয়, তবে ভ্যান্স যেন উদাহরণ সৃষ্টি করতে সবার আগে নিজের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ও সন্তানদের ভারতগামী বিমানে তুলে দেন।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন ভ্যান্স। সেখানে তিনি অভিযোগ করেন, অভিবাসীদের দাপটে কোণঠাসা হয়ে পড়ছেন খোদ মার্কিনীরা। তাঁর ভাষায়, ‘অভিবাসীরা আমেরিকান ড্রিম চুরি করেছে।’ এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। তাঁদের নিশানায় উঠে আসে ভ্যান্সের ব্যক্তিগত জীবন। ওয়াহাজাত আলি নামের এক নেটিজেন ভ্যান্সকে সরাসরি চ্যালেঞ্জ করে লেখেন, ভাইস প্রেসিডেন্টের কথার যুক্তি মানলে তো সবার আগে তাঁর স্ত্রী উষা এবং তাঁর পরিবারের সদস্যদের ভারত পাঠিয়ে দেওয়া উচিত। এমনকী ভ্যান্সের সন্তানদের শরীরেও ভারতীয় রক্ত রয়েছে, তাই নিয়ম অনুযায়ী তাদেরও আমেরিকায় থাকার অধিকার নেই। ওই ব্যক্তি ব্যঙ্গ করে জানতে চান, কবে তাদের বিমানের টিকিট কাটা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের নেতা হিসেবে ভ্যান্সের উচিত আগে নিজের ঘর থেকে ‘অভিবাসী হঠাও’ অভিযান শুরু করে দৃষ্টান্ত স্থাপন করা।
উল্লেখ্য, জেডি ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি আমেরিকার প্রথম সেকেন্ড লেডি হিসেবে ইতিহাস গড়েছেন। ২০১৪ সালে ভারতীয় রীতিনীতি মেনেই তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু প্রশাসনের অভিবাসন বিরোধী কড়া নীতির কারণে এখন নিজের ঘরেই প্রশ্নের মুখে পড়ছেন ভাইস প্রেসিডেন্ট। এর আগেও স্ত্রীর ধর্মান্তর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। প্রকাশ্যে আশা প্রকাশ করেছিলেন যে, হিন্দু ধর্ম ত্যাগ করে তাঁর স্ত্রী খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। এবার অভিবাসীদের ‘চোর’ বলে দাগিয়ে দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিলেন তিনি।







