কবে আবার ভারতীয় মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারকে ২২ গজে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। পাঁজরে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ সত্ত্বেও তাঁর খেলার ফেরার সময়সীমা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চলতি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শ্রেয়সের পাঁজরের চোটের গভীরতা বোঝার জন্য একটি আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হবে। এই স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করবে তাঁর চোটের প্রকৃত অবস্থা এবং পরবর্তী রিহ্যাব পরিকল্পনা। স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ দীনশ পারদিওয়ালার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল নিয়মিতভাবে শ্রেয়সের চিকিৎসার তদারকি করছেন। কিছুদিন আগে হওয়া আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে ইঙ্গিত মিলেছিল যে ভারতীয় এই তারকা ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তিনি হালকা শারীরিক অনুশীলনও শুরু করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ প্র্যাকটিসে নামতে তাঁর আরও সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স। আঘাতের পর তিনি সাজঘরে জ্ঞান হারালে তাঁকে দ্রুত আইসিইউতে রাখা হয়, কারণ তাঁর পাঁজরে রক্তক্ষরণ হচ্ছিল। বোর্ডের কর্তারা এই চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। ফলে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে (এনসিএ) তাঁর পুনর্বাসন শুরু হবে চিকিৎসকদের চূড়ান্ত সবুজ সংকেত মেলার পরই।







