লিওনেল মেসিকে বরণ করে নিতে প্রস্তুত কলকাতা। আর এই সফরে ফুটবলের সর্বকালের সেরা তারকাকে ভারতীয় ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। জানা গেছে, ক্লাবটির ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের প্রতীক হিসেবে একটি বিশেষ জার্সি তুলে দেওয়া হবে মেসির হাতে।
১৯১১ সালের সেই অবিস্মরণীয় দিনটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সে বছর ২৯শে জুলাই, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগান ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করে আইএফএ শিল্ড জিতেছিল। সবুজ-মেরুন সমর্থকদের হৃদয়ে সেই ‘অমর একাদশ’ এর ইতিহাস আজও স্বর্ণাক্ষরে লেখা।
এইবার, সেই ইতিহাসকেই স্মরণ করে একটি বিশেষ জার্সি তৈরি করা হচ্ছে, যা দেখতে অবিকল ১৯১১ সালের জার্সির মতো। শোনা যাচ্ছে, যুবভারতীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আগেই ক্লাব কর্তারা মেসির হাতে এই বিশেষ জার্সিটি তুলে দেবেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার মাধ্যমে ভারতীয় ফুটবলের এই অনন্য গৌরবগাথাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই মোহনবাগান ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য।







