মহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিছুটা স্বস্তির খবর এলেও, বকেয়া বেতন সংক্রান্ত জটিলতা এখনও পুরোপুরি পিছু ছাড়ছে না। ক্লাবটির ওপর থেকে ফিফার রেজিস্ট্রেশন ব্যান সাময়িকভাবে উঠে গেলেও, বিদেশি ফুটবলার ফ্র্যাঙ্কার অভিযোগের কারণে আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে সাদা-কালো ব্রিগেডকে।
জানা গিয়েছে, মহামেডানের বিরুদ্ধে আটটি অভিযোগ ফিফায় জমা পড়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় প্রাক্তন বিদেশি ফুটবলার ফ্র্যাঙ্কার বকেয়া বেতন নিয়ে। ফ্র্যাঙ্কার অভিযোগটি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সরাসরি ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠিয়েছিল। সেই কমিটি নির্দেশ দিয়েছিল যে, ৩০ দিনের মধ্যে ফ্র্যাঙ্কার বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাব কর্তৃপক্ষ অর্থ পরিশোধ করতে পারেনি। নিয়ম অনুযায়ী মহামেডানকে শাস্তি হিসেবে আরও দুটো ট্রান্সফার উইন্ডো ব্যানের আওতায় থাকতে হবে। হিসাবমতো, আগামী জানুয়ারি উইন্ডো এবং তার পরের উইন্ডোতে মহামেডান নতুন ফুটবলার সই করাতে পারবে না। তবে এই মুহূর্তে ক্লাব কর্তৃপক্ষ দাবি করছে যে, যারা অভিযোগ জানিয়েছিলেন, সেই সমস্ত ফুটবলার ও কোচের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, ফ্রি এজেন্ট থাকা ফুটবলারদের সই করাতে তাদের আপাতত কোনো অসুবিধা নেই।
সমস্যা সামাল দিতে দ্রুত পদক্ষেপ
মহামেডান কর্মকর্তারা অবশ্য এই পরিস্থিতি সামাল দিতে তৎপর। ক্লাবের কার্যকরী সভাপতি কামরুদ্দিন এই প্রসঙ্গে বলেন, “ব্যান উঠে যাওয়া আমাদের জন্য ভালো খবর। ফ্র্যাঙ্কার জন্য যে আরও দুটো উইন্ডো ব্যান আসছে, তার আগে আমরা ভারতীয় ফুটবলারদের সই করিয়ে নেওয়ার কাজ শেষ করে নিচ্ছি। এখনও পর্যন্ত ২১ জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরপর পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, এই বিতর্কের কারণে মহামেডানের ঘরোয়া লিগের পরিস্থিতিও খুবই খারাপ হয়েছিল। অবনমনের আশঙ্কা থেকে তারা বেরিয়ে আসে একেবারে শেষ মুহূর্তে। এর পাশাপাশি ক্লাবের বিনিয়োগকারী নিয়েও এখনও জট কাটেনি, যা ক্লাবটির সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও কঠিন করে তুলেছে।







