রেললাইনের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মৃতের পরিবারের। বিক্ষুব্ধ মৃতের পরিবার সিসি ক্যামেরা , চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ভেঙে দেয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির বলাগড়ে। এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়। তবে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে কেন? অভিযোগ, রাতে যুবককে তুলে নিয়ে যাওয়া হয় থানায় , সকাল হতেই যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। কীভাবে মৃত্যু হলো তার ? দানা বাঁধছে রহস্য।
জানা যায়, মৃত ব্যাক্তির নাম শেখ আসাদুল মণ্ডল। শুক্রবার সকালে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনাটি সামনে আসার পর থেকেই থানায় গিয়ে গন্ডগোল করতে শুরু করে মৃতের পরিবার। আসাদুলের পরিবার দাবি করেন , গতকাল রাতে আসাদুলকে তুলে নিয়ে যায় বলাগড় থানার পুলিশ। ওই রাতেই বিষয়টি মেসেজ করে জামাইবাবুকে জানিয়েছিলেন যুবক। তবে কেন , কি কারণে কিছু জানায়নি আসাদুল। এরপর সারারাত বাড়ি ফেরেননি তিনি ।
এদিকে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় । কিন্তু তাতেও কোন লাভ হয়নি। রাত কাটতেই খোঁজ মেলে তার নিথর দেহের। মৃতের পরিবার আসাদুলের মৃত্যুর জন্য দায়ী করেছে পুলিশকে। সেই জন্যই বলাগড় থানায় ব্যাপক ভাঙচুর চালায় আসাদুলের পরিবার। অন্যদিকে পুলিশের দাবি , বৃহস্পতিবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এরপর বেল বন্ডে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেওয়া হয় আসাদুলকে। তবে কীভাবে যুবকের মৃত্যু হল তা নিয়ে এখনো কিছু জানা হয়নি । ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।







