দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচেই হোঁচট খেয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে হার, ওয়ান ডে সিরিজে জয় পেলেও একটি ম্যাচে পরাজয়—এই ওঠানামার ধারাবাহিকতা এবার টি-টোয়েন্টিতেও। আগের ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চাপ স্পষ্ট।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ, শনিবার (১৪ ডিসেম্বর) ধর্মশালায় মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে খেলা শুরু হবে, টস হবে তার ৩০ মিনিট আগে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। অনলাইনে দেখা যাবে জিও স্টার অ্যাপ ও ওয়েবসাইটে।
একাদশ নিয়ে প্রশ্ন, ব্যাটিং অর্ডারেই নজর
ভারতীয় দলের ব্যাটিং কম্বিনেশন ঘিরে জোর আলোচনা চলছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও শুভমন গিলের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। গিলকে দিয়ে ওপেন করাতে গিয়ে যশস্বী জয়সওয়ালকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওপেনিংয়ে দুরন্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে প্রথমে মিডল অর্ডারে নামানো হয়। পরিচিত জায়গা ছাড়ার পর ছন্দ হারান সঞ্জু, শেষ পর্যন্ত একাদশ থেকেও বাদ পড়তে হয়েছে তাঁকে।
স্যামসনের জায়গায় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন জিতেশ শর্মা। ফিল্ডিংয়ে নজরকাড়া রান আউট করলেও ব্যাট হাতে এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। শুভমন গিল টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হওয়ায় তাঁর প্রত্যাবর্তনের পর থেকেই সঞ্জু স্যামসনের একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে।
তৃতীয় ম্যাচে ভারতীয় একাদশে পরিবর্তন আসে কি না, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের। ব্যাটিং অর্ডারে রদবদল এনে জয়ের সরণিতে ফিরতে পারে কি না টিম ইন্ডিয়া—আজ ধর্মশালায় তারই পরীক্ষা।







