খেলাধুলা

সেহবাগ-দ্রাবিড়ের ছেলেদের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায়

আন্তর্জাতিক ক্রিকেটে ফের এক ফ্রেমে দেখা যেতে পারে বীরেন্দ্র সেহবাগ ও রাহুল দ্রাবিড়কে। তবে এবার তাঁদের হাতে থাকবে না ব্যাট। দুই কিংবদন্তির উত্তরসূরি আর্যবীর সেহবাগ ও অন্বয় দ্রাবিড়ের হাত ধরে ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছে নতুন আগ্রহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছেন দু’জনেই।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। পাশাপাশি দুই দলের মধ্যে হবে দুটি মাল্টি-ডে ম্যাচও। প্রতিটি ফরম্যাটের জন্য পৃথক দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। ওয়ান ডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে লক্ষ্য রায়চন্দানিকে। আর মাল্টি-ডে ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান।

বীরেন্দ্র সেহবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলেরা অবশ্য শুধু ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন। ১৮ বছরের আর্যবীর সেহবাগের জন্য এটি প্রথমবার ভারতীয় দলের দরজা খোলার সুযোগ। বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। সেখানে তাঁর নজরকাড়া পারফরম্যান্সই নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যাটিংয়ে বাবার ছায়া দেখা যায় তাঁর খেলায়। ফলে আর্যবীরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে সেহবাগের সঙ্গে তুলনা।

অন্যদিকে, রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে নিজের জায়গা ধরে রেখেছেন। ১৭ বছরের এই উইকেটকিপার-ব্যাটার গত মাসেই শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সদস্য ছিলেন। সেই সফরে দুটি ম্যাচে মাঠে নেমে একটিতে ১৪ রান এবং অন্যটিতে ৮৭ রান করেছিলেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের জার্সিতে তাঁর ব্যাট কতটা জ্বলে ওঠে, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

এক প্রজন্ম আগে ভারতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন বীরেন্দ্র সেহবাগ ও রাহুল দ্রাবিড়। এবার তাঁদের উত্তরসূরিরা সেই পথেই এগোচ্ছেন। একদিকে সেহবাগ-পুত্র আর্যবীর, অন্যদিকে দ্রাবিড়-পুত্র অন্বয়—অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ সিরিজে দু’জনকেই ঘিরে থাকবে বাড়তি প্রত্যাশা।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি ওয়ান ডে এবং প্রথম মাল্টি-ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটে। দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচের আয়োজক আহমেদাবাদ। ১৮ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ওয়ান ডে সিরিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.