ভোট যত এগোচ্ছে, ততই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদল ও নতুন সমীকরণের জল্পনা তীব্র হচ্ছে। জেলায় জেলায় রাজনৈতিক শিবির বদলের হিড়িক স্পষ্ট। এই আবহেই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কয়েকদিনের মধ্যেই নতুন দল ঘোষণার কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবীর। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে এআইএমআইএম-এ যোগদানের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই পরিস্থিতির মধ্যেই বড় পদক্ষেপ করল বিজেপি। দীর্ঘদিন পর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে সংখ্যালঘুদের নিয়ে আলাদা কমিটি গঠন করল গেরুয়া শিবির। শুধু তাই নয়, একাধিক সংখ্যালঘু মহিলা বিজেপিতে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে খবর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্যে এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শনিবার রাতে খড়গপুর শহরের এক নম্বর মণ্ডলে একটি কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু কমিটির আত্মপ্রকাশ হয়। ওই অনুষ্ঠানেই প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের হাত ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন বিজেপিতে যোগ দেন। দিলীপ ঘোষের দাবি, খড়গপুর শহরের ২-৩টি ওয়ার্ডে মুসলিম ভোটারদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও এতদিন সেখানে বিজেপির বুথ কমিটি পর্যন্ত ছিল না।
দিলীপ ঘোষ বলেন, “ওই ওয়ার্ডগুলোতে আমরা ভোট পেতাম না। বুথ কমিটি ছিল না, বিএলএ ছিল না। এবার সেখানে বুথ কমিটি তৈরি হয়েছে, এসআইআর-এ কাজও হয়েছে। সেখান থেকে বেশ কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছেন। মুসলিমরাও বুঝতে শুরু করেছে বিজেপিই বিকল্প।”
রাজনৈতিক মহলের মতে, হুমায়ুন কবীরের নতুন দল গঠনের ঘোষণা এবং সংখ্যালঘু ভোটে নতুন মেরুকরণের ইঙ্গিতের মধ্যেই বিজেপির এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে। খড়গপুরে সংখ্যালঘু কমিটি গঠনের মাধ্যমে বিজেপি যে ২০২৬-এর আগে নতুন করে সংগঠন ও ভোটব্যাঙ্ক বিস্তারের পথে হাঁটছে, তা স্পষ্ট বলেই মত বিশেষজ্ঞদের।






