খেলাধুলা

৪৫ কোটি টাকার দুর্নীতি: বিশ্বকাপজয়ী নেতা অর্জুন রণতুঙ্গার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে ইতিহাসের একমাত্র একদিনের বিশ্বকাপ এনে দিয়ে যিনি দেশের হিরো হয়েছিলেন, সেই কিংবদন্তি ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা আজ এক গুরুতর আইনি জালে জড়িয়েছেন। দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বর্তমানে বিদেশে থাকা এই প্রাক্তন অধিনায়ক শ্রীলঙ্কায় পা রাখলেই তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

খেলা ছাড়ার পর রণতুঙ্গা রাজনীতির ময়দানে নেমেছিলেন এবং একসময় তিনি পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। অভিযোগ উঠেছে, মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি এবং তার ভাই ধাম্মিকা রণতুঙ্গা অসদুপায়ে বহু প্রতিষ্ঠানকে সরকারি কাজ পাইয়ে দিয়েছিলেন। সেই অভিযোগেই দুজনেই অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছেন।
জানা গেছে, ধাম্মিকা রণতুঙ্গা সেই সময় একটি পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। দুই ভাই মিলে দুর্নীতির এই খেলা চালিয়েছেন। ধাম্মিকাকে সোমবার গ্রেফতার করা হলেও তিনি পরে জামিন পেয়ে যান। তবে আদালত তাকে সতর্ক করেছে তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, কারণ ধাম্মিকার শ্রীলঙ্কার পাশাপাশি আমেরিকারও নাগরিকত্ব রয়েছে।

কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্কা বোদারাগামা জানিয়েছেন, তদন্ত কমিশন নিশ্চিত করেছে, রণতুঙ্গা দেশে ফিরলেই পুলিশ তাকে হেফাজতে নেবে। কমিশন আরও তথ্য দিয়েছে যে, রণতুঙ্গা প্রায় ২৭টি সংস্থাকে বেআইনিভাবে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৪৫ কোটি টাকা নিয়েছিলেন। ২০১৭ সালে এই দুর্নীতির অভিযোগ উঠলেও, তার প্রমাণ পাওয়া গেল এতদিনে। প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তারই ফলস্বরূপ এই ৬২ বছর বয়সী বিশ্বকাপজয়ী অধিনায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, তার ভাই ও প্রাক্তন পর্যটনমন্ত্রী প্রসন্ন রণতুঙ্গাকেও একই ধরনের দুর্নীতির অভিযোগে গত মাসেই গ্রেফতার করা হয়েছিল। এখন দেখার, ক্রিকেটের ময়দানের এই নায়কের শেষ পরিণতি কী হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.