কুয়াশার প্রভাবে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় গত দুদিনের মতো আজও ট্রেন চলাচল বিঘ্নিত। বেশকিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে চলছে। বিশেষত যেসব ট্রেন উত্তর ভারত থেকে আসছে সেই সব ট্রেনগুলিতে কুয়াশার প্রভাব বেশি।
পূর্ব রেল সূত্রে খবর, ডাউন বিভূতি এক্সপ্রেস ৯ ঘন্টা দেরিতে, ডাউন রাজধানী এক্সপ্রেস সাড়ে তিন ঘণ্টা দেরিতে, ডাউন চম্বল এক্সপ্রেস দু’ঘণ্টা দেরিতে, ডাউন দুন এক্সপ্রেস ১ ঘন্টা ৪০ মিনিট এবং ডাউন কালকা মেল ১ ঘন্টা ৩০ মিনিট দেরিতে চলছে। এছাড়াও দক্ষিণ পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে হাওড়া স্টেশনে আসছে।
দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও কুয়াশার একই প্রভাব পড়েছে। দুটি শাখাতেই লোকাল ট্রেন অন্যদিনের তুলনায় ধীর গতিতে চলছে। মূলত কুয়াশার জন্য দৃশ্যমান্যতা কমে যাওয়ার কারণে এই বিপত্তি। ট্রেনে চালকদের ইঞ্জিন এর হেডলাইট এবং হর্ন বাজিয়ে ট্রেন পাস করতে দেখা যাচ্ছে । তবে বেলা বাড়তে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।হাওড়া শহরে ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়লে প্রভাব কমছে।







