বিদেশ

আইনি প্যাঁচে ইমরান-বুশরা: তোশাখানা মামলায় প্রাক্তন পাক দম্পতির ১৭ বছরের জেল

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিপদ যেন কিছুতেই কাটছে না। শাহবাজ শরিফ সরকার যে তাঁকে জেলের বাইরে আসতে দিতে নারাজ, তা আদালতের একের পর এক রায়েই স্পষ্ট হয়ে উঠছে। পুরোনো মামলার জালে এমনভাবে তাঁকে জড়ানো হচ্ছে যে, মুক্তির সব পথই কার্যত বন্ধ হওয়ার মুখে। এবার দুর্নীতির অভিযোগে ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি দুজনকেই ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের একটি আদালত।

পুরো ঘটনাটি ২০২১ সালের একটি অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, তৎকালীন প্রধানমন্ত্রী থাকাকালীন সৌদি আরবের কাছ থেকে পাওয়া বহুমূল্য সরকারি উপহার বা ‘তোশাখানা’ নিয়ে নয়ছয় করেছেন এই দম্পতি। সেই মামলাতেই আদালত কড়া অবস্থান নিয়েছে। পাকিস্তানের দণ্ডবিধির ৪০৯ ধারা এবং আরও কয়েকটি ধারায় তাঁদের এই দীর্ঘ মেয়াদের সাজা শোনানো হয়েছে। জেল খাটার পাশাপাশি দুজনকে মোট ২ কোটি টাকা জরিমানাও দিতে হবে।

তবে শুধু ইমরান বা তাঁর স্ত্রী নন, সরকারের কোপে পড়েছেন ইমরানের বোনও। বর্তমানে ইমরান যে আদিয়ালা জেলে বন্দি আছেন, তার বাইরে বিক্ষোভ দেখানোর অপরাধে তাঁর বোনের বিরুদ্ধেও সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা করা হয়েছে। দাদার সঙ্গে দেখা করতে না পেরে সমর্থকদের নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি, আর সেটাই এখন আইনি বিপদে পরিণত হয়েছে। ২০২৩ সাল থেকেই কারাবন্দি রয়েছেন ক্রিকেট দুনিয়া থেকে রাজনীতিতে আসা এই তারকা। এর আগে ১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মামলায় তাঁর ১৪ বছর ও স্ত্রীর ৭ বছরের সাজা হয়েছিল। এছাড়াও গত বছর দেশজুড়ে চলা অশান্তির জেরে তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা ঝুলছে। সব মিলিয়ে, একের পর এক সাজার রায়ে ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত জীবন দুই-ই এখন চরম অনিশ্চয়তার মুখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.