বাংলার বিধানসভা নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের ইঙ্গিত। উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপীর বাড়িতে হাজির হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। রবিবারের এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
তৃণমূলের অন্দরেই ‘দুর্নীতি’ ও ‘দলীয় স্তরে লাঞ্ছনার’ অভিযোগ তুলে বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন শ্রাবণী কাশ্যপী। তাঁর সঙ্গে একই সিদ্ধান্তে সঙ্গী হয়েছেন স্বামী মৃণ্ময় কাশ্যপীও। উল্লেখযোগ্যভাবে, মৃণ্ময় কাশ্যপীর রাজনৈতিক পরিচয় রাজ্য রাজনীতিতে একসময় যথেষ্ট আলোচিত— তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তথা ‘ছায়াসঙ্গী’ হিসেবেই পরিচিত ছিলেন।
রবিবার কাশ্যপী দম্পতির বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন,
“তৃণমূলের বিরুদ্ধে ওনাদের যে ক্ষোভ ও অভিযোগ শুনেছি, তার তাগিদেই এখানে আসা। তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করে লাভ কী? আমি ওনাদের বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছি। সিদ্ধান্ত ওনাদের।”
যদিও কাশ্যপী দম্পতি বিষয়টি নিয়ে আর রাখঢাক করেননি। কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী স্পষ্ট ভাষায় বলেন,
“আমরা ঠিক করেছি, অর্জুন সিংয়ের সান্নিধ্যেই বিজেপিতে যোগ দেব। দলে আমরা অপমানিত। আমি একজন নির্বাচিত কাউন্সিলর হওয়া সত্ত্বেও কোনও সম্মান বা মূল্য নেই।”
অন্যদিকে মৃণ্ময় কাশ্যপীর বক্তব্য আরও আক্রমণাত্মক। তিনি বলেন,
“চোরের ছায়াসঙ্গী হয়ে কেউ থাকতে চায়? রাজনৈতিক কারণে একসময় ছিলাম। উনি খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছেন। আজ মানুষ হিসেব রাখছে— কে কত টাকা নিয়েছে।”
কবে হতে পারে যোগদান? এই প্রশ্নে অর্জুন সিং জানিয়েছেন,
“পৌষ মাস পেরোলেই ওনারা বিজেপিতে আসবেন। শুধু ওনারা নন, লাইনে আরও অনেকেই রয়েছেন।”
ভোটের মুখে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধির প্রকাশ্য ক্ষোভ ও বিজেপিতে যোগদানের ঘোষণা উত্তর ২৪ পরগনার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







