খেলাধুলা

জাতীয় কুস্তি প্রতিযোগিতায় যাওয়ার পথে চরম দুর্ভোগ; ট্রেনের শৌচাগারের সামনে বসে সফর করলেন ওড়িশার কুস্তিগিররা

ভারতকে বিশ্বের দরবারে ক্রীড়া শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সম্প্রতি পুরনো নীতি বদলে নতুন ‘জাতীয় ক্রীড়ানীতি ২০২৫’ ঘোষণা করা হয়েছে। কিন্তু খাতা-কলমের সেই উজ্জ্বল ছবির উল্টো দিকে এক অন্ধকার বাস্তব সামনে এল ওড়িশার একদল কুস্তিগিরের হাত ধরে। স্বপ্ন পূরণের লক্ষ্যে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তাঁদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো, তা দেখে শিউরে উঠছেন ক্রীড়াপ্রেমীরা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে আয়োজিত ৬৯তম জাতীয় স্কুল কুস্তি প্রতিযোগিতাকে কেন্দ্র করে। ওড়িশা থেকে ১০ জন ছাত্র এবং ৮ জন ছাত্রীসব মিলিয়ে ১৮ জন উদীয়মান কুস্তিগির এই প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। তাঁদের নিয়ে যাওয়ার সব দায়িত্ব ছিল রাজ্যের স্কুল ও গণশিক্ষা দপ্তরের ওপর। কিন্তু অভিযোগ উঠেছে, সরকারি গাফিলতির কারণে এই তরুণ অ্যাথলেটদের জন্য ট্রেনের কোনো কনফার্ম টিকিট বুক করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর।

ফলে বাধ্য হয়েই হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে ট্রেনের সাধারণ কামরায় (General Compartment) গাদাগাদি করে সফর করতে হয় তাঁদের। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে, শৌচাগারের দরজার সামনে মেঝেতে বসে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এই জাতীয় স্তরের খেলোয়াড়দের। সোশ্যাল মিডিয়ায় সেই অস্বস্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অবাক করা বিষয় হলো, হাড়ভাঙা খাটুনি দিয়ে লড়াই করে ফেরার পথেও তাঁদের কপালে একই দুর্ভোগ জুটেছিল।
যে দেশে অলিম্পিক বা বিশ্বমঞ্চে পদক জয়ের স্বপ্ন ফেরি করা হচ্ছে, সেখানে ভবিষ্যৎ তারকাদের এমন চূড়ান্ত অবহেলা এবং অসম্মান কেন সইতে হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় যাওয়ার পথে নূন্যতম স্বাচ্ছন্দ্য না পেলে খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে কতটা ভেঙে পড়েন, এই ঘটনা যেন তারই জ্বলন্ত প্রমাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.