বাংলায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। স্বাভাবিকভাবেই পারদ ক্রমশ নীচের দিকে নামছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বড়দিন থেকেই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। আগামী দুই দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে কমতে শুরু করবে। ৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে পশ্চিমের জেলাগুলিতে। বড়দিনের পর অর্থাৎ শুক্রবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন হবে ১৩ ডিগ্রি। পাশাপাশি উত্তরবঙ্গেও ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমবে ১০ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস আরো জানিয়েছে , কয়েকদিনের মধ্যে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে , উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় সব জেলাগুলিতেই জাঁকিয়ে ঠান্ডা প্রবেশ করবে। তবে তারপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদ বাড়তে পারে বলেই অনুমান।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এলাকা থেকে উপরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রির ঘরে। মালদা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস ।






