বড়দিনের আগের রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকে মর্মান্তিক বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হল এক স্কুলপড়ুয়া। বুধবার গভীর রাতে বাসন্তীর আমঝাড়া গ্রামপঞ্চায়েতের খড়িমাচান এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। বিস্ফোরণে আহত শিশুটির নাম কালো গায়েন। সে চতুর্থ শ্রেণির ছাত্র। গুরুতর অবস্থায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের সূত্রে খবর, শিশুটির ডান চোখ-সহ দুই চোখেই মারাত্মক আঘাত লেগেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়িমাচান এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি থেকে আচমকাই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। অভিযোগ, ওই নির্মীয়মাণ বাড়িটি আনওয়ার শেখের। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
স্থানীয়দের দাবি, খড়িমাচান নজরুল সংঘ নামে একটি ক্লাবের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই শেখ ও গায়েন পরিবারের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সালিশিসভার কথা ছিল। তার আগেই এই বিস্ফোরণের ঘটনা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ উঠেছে, এলাকায় অশান্তি তৈরি করতেই বাড়ির ভিতরে বোমা মজুত করে রাখা হয়েছিল। সেই সময় আশপাশে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। হঠাৎ বিস্ফোরণেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।
উল্লেখ্য, শেখ ও গায়েন পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ নতুন নয়। স্থানীয়দের দাবি, ২০১৯ সালেও এই বিবাদের জেরে শেখ পরিবারের এক সদস্য খুন হন। ফের সেই পুরনো বিবাদের আবহে এক নিরীহ শিশুর শৈশব রক্তাক্ত হওয়ায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। বোমা কীভাবে এল, কে বা কারা এর সঙ্গে যুক্ত—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।







