চিকিৎসক ও নার্সদের গাফিলতিতে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে—এই অভিযোগে উত্তাল হয়ে উঠল খড়গপুর মহকুমা হাসপাতাল চত্বর। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের সদস্যরা। ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রসববেদনা নিয়ে মামনি মুখোপাধ্যায়কে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তি করার পর দীর্ঘ সময় তাঁকে বেডে ফেলে রাখা হয় এবং নিয়মমাফিক চিকিৎসা বা পর্যবেক্ষণ করা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে গর্ভবতী মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও নার্সদের বারবার জানানো সত্ত্বেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে অভিযোগ পরিবারের।
মামনির মায়ের দাবি, মেয়ের যন্ত্রণা বাড়তে থাকলেও নার্সরা উদাসীন ছিলেন। এমনকি ঘুমের ব্যাঘাত ঘটছে বলে আপত্তিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার ভোরে শারীরিক অবস্থা গুরুতর হলে অবশেষে মামনিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা জানান, গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।
মৃত গৃহবধূর শ্বশুরবাড়ি দাসপুর থানার নাড়াজল এলাকার সিঙ্ঘাঘাই গ্রামে এবং বাপের বাড়ি খড়গপুর শহরের তালবাগিচা এলাকায়। পরিবারের দাবি, চিকিৎসকের পরামর্শে ১৮ ডিসেম্বর আগেও মামনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় প্রসবের সম্ভাবনা না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে ২৪ ডিসেম্বর পুনরায় প্রসববেদনা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হলেও যথাযথ চিকিৎসা মেলেনি।
ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে খড়গপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।







