নামটা এখনও জাতীয় ক্রিকেটে খুব একটা পরিচিত নয়। কিন্তু বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে বিজয় হাজারে ট্রফির এক বিকেল গুজরাতের বাঁহাতি স্পিনার বিশাল জয়সওয়ালের জীবনে এনে দিল বড় মোড়। দিল্লির হয়ে দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলির উইকেটই এক মুহূর্তে বদলে দিল তাঁর পরিচিতি।
২৯ বলে অর্ধশতরান, আগের ম্যাচে শতরান—সব মিলিয়ে বিরাট তখন আরও এক বড় ইনিংসের পথে। ঠিক সেই সময় জয়সওয়ালের নিখুঁত টস-আপে ফাঁদে পড়েন ভারতীয় তারকা। ব্যাট ছেড়ে বেরিয়ে এসে বলের ফ্লাইটে বিভ্রান্ত কোহলি স্টাম্পড হন। ইনিংস থামে ৭৭ রানে। উইকেটের পিছনে দক্ষ হাতে কাজ সারেন উরভিল প্যাটেল। এই উইকেট শুধু একটি নাম নয়, জয়সওয়ালের কেরিয়ারে হয়ে উঠতে পারে টার্নিং পয়েন্ট।
ম্যাচের পর ড্রেসিংরুমে এসে জয়সওয়ালকে নিজের ম্যাচ বলটি সই করে দেন বিরাট কোহলি। সঙ্গে উৎসাহের বার্তা—ভাল বল করতে থাকো, কঠোর পরিশ্রম চালিয়ে যাও, সুযোগ আসবেই। এই মুহূর্তকে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলে জানিয়েছেন জয়সওয়াল। তিনি জানান, কোহলির বিরুদ্ধে আলাদা কোনও পরিকল্পনা ছিল না। চাপ সামলে নিজের শক্তিতেই আস্থা রেখেছিলেন।
বিশালের উত্থান হঠাৎ নয়। ২০২২-২৩ মরশুমে অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে সর্বোচ্চ ৭০ উইকেট নিয়ে নজর কাড়েন। সেই ধারাবাহিকতার ফলেই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে অভিষেক। এখনও পর্যন্ত ১১টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর সংগ্রহ ৪০ উইকেট, গড় ২৩.৫২। ধীরগতির বাঁহাতি স্পিন, ফ্লাইট আর সূক্ষ্ম ভ্যারিয়েশনই তাঁর মূল অস্ত্র।
নিজের ক্রিকেটজীবনে অক্ষর প্যাটেলের অবদানও অকপটে স্বীকার করেন জয়সওয়াল। কিট থেকে শুরু করে মানসিক প্রস্তুতি—সবেতেই পাশে পেয়েছেন তাঁকে। ব্যক্তিগত জীবনের লড়াইটাও কম নয়। মাত্র আট মাস বয়সে বাবাকে হারান। মায়ের একার প্রচেষ্টাতেই ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
এবারের বিজয় হাজারে ট্রফিতে গুজরাতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বিশাল। দিল্লির বিরুদ্ধে ৪২ রানে ৪ উইকেটের মধ্যে রয়েছে ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ উইকেটও।
বিরাট কোহলির সই করা বল হয়তো স্মৃতির আলমারিতে সাজানো থাকবে। কিন্তু তার চেয়েও বড় প্রাপ্তি—একটি ডেলিভারি, যা বিশাল জয়সওয়ালকে জাতীয় ক্রিকেটের মানচিত্রে জায়গা করে দিল।







