নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:
কেলেঘাই নদীর চরে গড়ে উঠেছিল বেআইনি ‘নেশার সাম্রাজ্য’। বিঘার পর বিঘা জমিতে চলছিল অবৈধ পোস্ত চাষ, যার আড়ালে তৈরি হচ্ছিল নিষিদ্ধ মাদক আফিমের কাঁচামাল। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর ১ নম্বর ব্লকে বড়সড় মাদকবিরোধী অভিযান চালায় জেলা পুলিশ ও প্রশাসন। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক পোস্ত খেত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় ১৪০ কেজি পোস্ত গাছ ও ঢুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, এই বিপুল পরিমাণ কাঁচামাল পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল। গোটা চক্রের সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পোস্তর আঠা থেকেই তৈরি হয় মারাত্মক মাদক আফিম। অবৈধভাবে চাষ করলে এক বিঘা জমি থেকে কয়েক লক্ষ টাকার অবৈধ মুনাফা সম্ভব, যা অনেক ক্ষেত্রেই স্থানীয় চাষিদের প্রলুব্ধ করে। তবে আইন অনুযায়ী অনুমতি ছাড়া পোস্ত চাষ সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। সরকারি নিয়ন্ত্রণে যেখানে চাষ হয়, সেখানে উৎপাদনের পর নির্দিষ্ট বিধি মেনে ফসল ধ্বংস করার নিয়ম রয়েছে।
এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন,
“মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েক বিঘা বেআইনি পোস্ত চাষ নষ্ট করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যারা এই চক্রের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেলেঘাই নদী সংলগ্ন বিভিন্ন চরে নজরদারি আরও জোরদার করা হবে। প্রয়োজনে ড্রোন ও বিশেষ টহলদারি ব্যবস্থাও চালু করা হতে পারে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ চলছিল। প্রশাসনের এই অভিযানে স্বস্তি ফিরেছে এলাকায়।
তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে পুলিশ সূত্রের দাবি, খুব শিগগিরই এই মাদকচক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।







