বছর শেষের আনন্দের আবহেই ফরাক্কায় নেমে এল গভীর শোক। চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে গিয়েই প্রাণ হারালেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের এক যুবনেতা। মৃতের নাম কুলদীপ মণ্ডল। বয়স আনুমানিক ২৩ বছর। তিনি ফরাক্কা ব্লকের বেওয়া–২ পঞ্চায়েত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন।
জানা গিয়েছে, কুলদীপের বাড়ি ফরাক্কা ব্লকের রামনগর এলাকায়। রাজনৈতিক কাজের পাশাপাশি স্থানীয় স্তরে তিনি বেশ পরিচিত মুখ ছিলেন। তরুণ বয়সেই ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন কুলদীপ। তাঁর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত মালদা টাউনে চলা কার্নিভালে যোগ দিতে গিয়েছিলেন কুলদীপ। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কার্নিভাল ঘিরে ছিল উৎসবের আমেজ। সোমবার রাতে সেই অনুষ্ঠান সেরে তিনি মালদহ থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন।
রেল সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে ট্রেনটি যখন খালতিপুর স্টেশনে ঢোকার মুখে, সেই সময় কুলদীপ ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। আচমকাই ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে সহযাত্রীরাও কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।
দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই কুলদীপের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে মৃতদেহ উদ্ধার করে মালদহ সদর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
কুলদীপের মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। রাজনৈতিক মহলেও এই ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাত্রার ঝুঁকি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এই মর্মান্তিক ঘটনার পর।







