যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শঙ্কর স্বপ্ন দেখেছিল, সেখানে বাস্তব পদচিহ্ন রেখে এলেন নদিয়ার যুবক জ্যোতিষ্ক বিশ্বাস। শৈশব থেকেই অ্যাডভেঞ্চার আর সাইকেলের প্রেমে মজে থাকা এই তরুণ তার অদম্য ইচ্ছাশক্তি আর সাহসিকতাকে সঙ্গী করে পৌঁছে গেলেন পূর্ব আফ্রিকার চাঁদের পাহাড়ে রুয়েনজোরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, মার্গারিটা পিকে (৫,১০৯ মিটার)। আর এই ঐতিহাসিক অভিযানে সঙ্গী ছিল বিভূতিভূষণের লেখা ‘চাঁদের পাহাড়’ উপন্যাস ও একটি ছোট্ট চিরকুট, যেখানে লেখা ছিল “Tribute to Bibhutibhushan Bandopadhyay”।
করিমপুরের জামতলায় বড় হয়ে ওঠা জ্যোতিষ্কের শৈশব কেটেছে ভারতের নানা প্রান্তে। প্রাক্তন সেনাকর্মী বাবার বদলির চাকরির সূত্রে ভ্রমণের প্রতি আকর্ষণ জন্মায় ছোট থেকেই। তবে শুধু ঘোরা নয়, চূড়ান্ত লক্ষ্য ছিল চাঁদের পাহাড় জয়।
২০২৪ সালের জুন মাসে সম্পূর্ণ নিজের সঞ্চিত অর্থে যাত্রা শুরু করেন তিনি। যাত্রাপথে পেরিয়ে এসেছেন আফ্রিকার বহু দেশ। প্রায় এক শতাব্দী আগে বিভূতিভূষণ যেখানে তাঁর কাহিনির নায়ক শঙ্করের অভিযান শুরু করিয়েছিলেন মোম্বাসার রেল হেড অফিস থেকে সেখান থেকেই জ্যোতিষ্কও শুরু করেন তাঁর সাইকেল অভিযান। সাইকেলে চেপে পৌঁছোন বেস ক্যাম্প পর্যন্ত, সেখান থেকে ট্রেক করে ওঠেন মার্গারিটা পিকের চূড়ায়। এই চূড়া আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ এবং প্রকৃতপক্ষে সেই কাল্পনিক ‘চাঁদের পাহাড়’।
উগান্ডা থেকে এক ভিডিওয় জ্যোতিষ্ক বলেন, “বিভূতিবাবু, আমি এসেছি আপনার স্বপ্নপূরণের জন্য।” সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি। পথে পড়েছে হিংস্র প্রাণীর আক্রমণের আশঙ্কা, বিপজ্জনক গিরিপথ, বিষাক্ত কীটপতঙ্গ আর প্রবল তুষারঝড় তবু দমে যাননি। আর ঠিক এই জায়গাতেই তাঁর কীর্তি ছুঁয়ে যায় কল্পনার শঙ্করকেও। এই অভিযানের মধ্য দিয়ে জ্যোতিষ্ক বিশ্বাস হয়ে উঠেছেন প্রথম বাঙালি, যিনি চাঁদের পাহাড় নামে পরিচিত মার্গারিটা পিকে পৌঁছেছেন সাইকেল অভিযানের মাধ্যমে।
এর আগে হিমালয়-সহ বহু স্থানে সাইকেলে অভিযানের অভিজ্ঞতা থাকলেও, চাঁদের পাহাড় জয় ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। সমাজমাধ্যমে তিনি শেয়ার করেছেন অভিযানের নানা মুহূর্ত ভয়ংকর অভিজ্ঞতা, রোমাঞ্চকর মূহূর্ত আর স্থানীয় মানুষের সঙ্গে আত্মিক সংযোগ।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও ২০১৯ সালে বীরভূমের উজ্জ্বল কিলিমাঞ্জারোর সর্বোচ্চ শৃঙ্গ উহুরু পিক (৫,৮৯৫ মিটার)-এ পৌঁছে ভারতের জাতীয় পতাকা ওড়ান সাইকেলে চেপে। তবে জ্যোতিষ্কের এই যাত্রা একেবারে আলাদা, কারণ এটি শুধুমাত্র একটি পর্বতারোহণ নয় এ এক সাহিত্যিক স্বপ্নের বাস্তব রূপ। বিভূতিভূষণের ‘চাঁদের পাহাড় ‘ এবার কল্পনার পাতার গণ্ডি পেরিয়ে পৌঁছল প্রকৃত পর্বতের চূড়ায় এক বঙ্গসন্তানের পায়ের ছোঁয়ায়।







