কলকাতারাজনীতি

বন্দে মাতরম’-এর ১৫০ বছর উপলক্ষে শুভেন্দু-ব্রাত্য তরজা

‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপনেও রাজ্য রাজনীতিতে তুঙ্গে তরজা। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের আক্রমণের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শুভেন্দুর অভিযোগ, “ব্রাত্য বসু তো কমিউনিস্ট, দেশকে সম্মান করে না। ওঁর হেড অফিস চিনে। বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করবেন কী করে?” কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র গ্রন্থাগারে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী।

তবে সেখান পৌঁছনোর আগেই পথের অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর দাবি, “আমি আসব জানতেই রাস্তা খুঁড়ে রাখা হয়েছে।”

এরপর কলেজ স্ট্রিটে একটি অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আরও কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, “যিনি নিজের নামের ‘ব্রাত্য’ বদলে ‘ভৃত্য’ হয়ে গিয়েছেন, তাঁর সম্পর্কে আর কিছু বলার নেই।”

প্রতিবাদে মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর বক্তব্য, “বিরোধী দলনেতা আগে আমাকে নকশাল বলেছেন, এখন কমিউনিস্ট বলছেন। আমি তো ওঁদের মতো আগে কংগ্রেস, পরে তৃণমূল, শেষে বিজেপি হইনি।” পাশাপাশি শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “আসুন না, মুখোমুখি বঙ্কিমচন্দ্রকে নিয়ে আলোচনা হোক।”

এই রাজনৈতিক বাকযুদ্ধের সূত্র কর্নাটকে। কর্নাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেড়ি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-কে ‘ইংরেজ বন্দনা’ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্যের প্রতিবাদে ব্রাত্য বসু বলেন, “ওরা রবীন্দ্রনাথকে অপমান করেছে। ‘জন গণ মন’-এর সঙ্গে পঞ্চম জর্জের কোনো সম্পর্ক নেই। উনি তো বিজেপির লোক, জানবেন কীভাবে?”

এরই পরিপ্রেক্ষিতে শুভেন্দুর মন্তব্যে ফের উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছরের উৎসব মিলল রাজনৈতিক দড়ি টানাটানিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.