বিনোদন

প্রথম দিনেই বক্স অফিস কাঁপাল ‘দৃশ্যম ৩’, বিশ্বজুড়ে আয় ৪৩ কোটির বেশি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল মোহনলাল অভিনীত বহুল আলোচিত থ্রিলার ছবি দৃশ্যম ৩। পরিচালক জিতু জোসেফ-এর হাত ধরে ফের একবার দর্শকদের মনে রহস্য আর উত্তেজনার ঝড় তুলেছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়। মুক্তির প্রথম দিনেই দেশ-বিদেশের বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করে ছবিটি প্রমাণ করে দিল, জর্জকুট্টির গল্পের জনপ্রিয়তা এখনও একটুও কমেনি।

ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ১৫.৯৫ কোটি টাকার নেট কালেকশন করেছে ছবিটি। চারটি ভাষায় মুক্তি পাওয়া এই ছবির মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে মালয়ালম সংস্করণ থেকেই। শুধুমাত্র মালয়ালম ভাষাতেই ছবির আয় প্রায় ১৩.৮০ কোটি টাকা। পাশাপাশি তেলুগু সংস্করণ থেকেও এসেছে উল্লেখযোগ্য সাড়া। তামিল ও কন্নড় সংস্করণও প্রত্যাশামতো ব্যবসা করেছে।

শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও ‘দৃশ্যম ৩’ কার্যত ঝড় তুলেছে। ওভারসিজ মার্কেটে ছবিটির গ্রস কালেকশন ইতিমধ্যেই ২৫ কোটির গণ্ডি ছুঁয়েছে। সব মিলিয়ে প্রথম দিনেই বিশ্বজুড়ে ছবির মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩.৩৭ কোটি টাকা। ট্রেড বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দিনের মধ্যেই ছবিটি সহজেই ৫০ কোটির ক্লাবে পৌঁছে যেতে পারে।

ছবির অ্যাডভান্স বুকিং থেকেই স্পষ্ট ছিল দর্শকদের উন্মাদনা। মুক্তির আগেই দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৩৫ কোটিরও বেশি টাকার টিকিট বিক্রি হয়েছিল। বিশেষ করে কেরলের একাধিক প্রেক্ষাগৃহে মধ্যরাত থেকেই দর্শকদের দীর্ঘ লাইন দেখা যায়। হল ভর্তি দর্শক আর সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া—সব মিলিয়ে ‘দৃশ্যম ৩’ এখন বছরের অন্যতম বড় ওপেনিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে।

প্রায় ১০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবিটি প্রযোজনা করেছে আশীর্বাদ সিনেমাস। মোহনলালের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মীনা, আনসিবা হাসান, এস্থার অনিল, আশা শরৎ এবং সিদ্দিকি। রহস্য, আবেগ ও টানটান উত্তেজনায় ভরপুর এই ছবি যে আগামী দিনেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রাখবে, তা বলাই যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.