খেলাধুলা

“যেখানে থাকার কথা সেখানেই আছি”, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে অকপট শুভমান গিল

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার পর থেকেই ক্রিকেট মহলে সবথেকে বড় আলোচনার বিষয় ছিল শুভমান গিলের বাদ পড়া। দলের সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও পারফরম্যান্সের গ্রাফ নিচে নামায় নির্বাচকরা তাঁকে স্কোয়াডের বাইরে রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন শুবমান।

আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন রয়েছে গিলের হাতেই। রবিবাসীয় লড়াইয়ের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুবমান বেশ পরিণত মনের পরিচয় দিলেন। বিশ্বকাপের টিকিট না পাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি মনে করি, ভাগ্যের ওপর কারও হাত নেই। জীবনে যে সময়ে যেখানে থাকার কথা, আমি ঠিক সেখানেই আছি। একজন খেলোয়াড় হিসেবে আমার প্রধান লক্ষ্য দলকে ম্যাচ জেতানো। নির্বাচকরা যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে আমার অনেক শুভেচ্ছা, আমি চাই ট্রফিটা ওরাই জিতুক।”

গৌতম গম্ভীর কোচের দায়িত্ব নেওয়ার পর টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শুভমানের গুরুত্ব বাড়লেও ছোট ফরম্যাটে তাঁর ব্যাটে রান ছিল না বললেই চলে। ওপেন করতে নেমে দ্রুত উইকেট হারানোয় দলকে বারবার বিপদে পড়তে হচ্ছিল। এই অফ-ফর্মের কারণেই তাঁকে বাদ দিয়ে সাহসী পদক্ষেপ নিয়েছেন নির্বাচকরা।
শুভমান গিলের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন বিধ্বংসী ফর্মে থাকা সঞ্জু স্যামসন। গত এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি শতরান হাঁকিয়ে সঞ্জু বুঝিয়ে দিয়েছেন তিনি ফর্মে আছেন। এবার বিশ্বকাপে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জুকে জুটি বাঁধতে দেখা যাবে। দুই মারকুটে ওপেনার ক্রিজে থাকলে পাওয়ার-প্লে-র পুরো ফায়দা তোলা সম্ভব হবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.