বাঘ আর গরুকে একঘাটে জল খাওয়ানোর মতোই নিখুঁত পরিকল্পনায় অপরাধ চালাত সে। সিনেমার পর্দায় জায়গা না পেলেও বাস্তবে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে ছিল এক রহস্যের নাম—ভোপালের ‘রহমান ডাকাত’। অবশেষে গুজরাত পুলিশের সুরত ক্রাইম ব্রাঞ্চের জালে ধরা পড়ল এই কুখ্যাত অপরাধী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোপালের ‘রহমান ডাকাত’-এর আসল নাম রাজু ইরানি। তবে সে আবিদ আলি, রহমান ডাকাত-সহ একাধিক ছদ্মনামে পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে ১৪টির বেশি রাজ্যে অপরাধচক্রের জাল বিস্তার করেছিল সে। সম্প্রতি বড়সড় কোনও অপরাধের ছক কষছিল রহমান। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে সুরত থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
সুরত ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক জে এন গোস্বামী জানান, ভোপালের ‘ইরানি ডেরা’ নামে পরিচিত আস্তানা থেকেই মূলত অপরাধের পরিকল্পনা চালাত রহমান ডাকাত। ভাইয়ের সঙ্গে মিলে ছয়টি পৃথক গ্যাং গড়ে তোলে সে। প্রতিটি গ্যাংয়ের কাজ, দায়িত্ব ও এলাকা নিজেই ঠিক করত রহমান। পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিজেই মাঠে নেমে অপরাধ করত, যাতে সাঙ্গপাঙ্গদের মধ্যে সাহস ও ভরসা তৈরি হয়।
পুলিশের দাবি, প্রবীণ নাগরিকরাই ছিল এই গ্যাংয়ের প্রধান নিশানা। কখনও পুলিশ, কখনও সিবিআই অফিসার সেজে তদন্তের নামে টাকা, সোনা-গয়না লুট করত তারা। কোথাও ব্যারিকেড বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর ঘটনাও সামনে এসেছে। ব্যবসায়ীদের গাড়ি থেকে নগদ ও গয়না লুট, জোর করে জমি দখল, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা—সবই চলত সমানতালে। বিলাসবহুল গাড়িই ছিল তাদের যাতায়াতের প্রধান মাধ্যম।
ভোপালের ‘রহমান ডাকাত’-এর বিরুদ্ধে অন্তত ১০টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। ছয়টির বেশি রাজ্যে সে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত ছিল। গত সপ্তাহে ভোপালের ‘ইরানি ডেরা’ এলাকায় বড়সড় তল্লাশি চালায় পুলিশ। প্রায় ১৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর থেকেই এলাকা ছাড়া ছিল রহমান। পরে তার সুরতে লুকিয়ে থাকার খবর পায় পুলিশ এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রহমান ডাকাত রাতারাতি কুখ্যাত হয়ে ওঠেনি। তার বাবা হসমত ইরানিই সত্তরের দশকে ইরানি গ্যাংয়ের সূচনা করেন। ২০০৬ সালে সেই সাম্রাজ্যের দায়িত্ব নেয় রহমান। ডেরার নেতৃত্ব ঠিক করত একটি ট্রাইবাল কাউন্সিল—যার নামে যত বেশি অপরাধ মামলা, তার গুরুত্ব তত বেশি। দিল্লি, মুম্বই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান-সহ একাধিক রাজ্যে ছড়িয়ে ছিল তাদের নেটওয়ার্ক। এতদিন ছোট মাথারা ধরা পড়লেও সহজেই জামিনে মুক্তি পেত। এবার সরাসরি অপরাধচক্রের ‘মাথা’কেই গ্রেফতার করায় বড় সাফল্য পেল পুলিশ।
পুলিশের দাবি, রহমান ডাকাতের গ্রেফতারিতে তার বিস্তৃত অপরাধ সাম্রাজ্যের একাধিক অজানা দিক সামনে আসতে চলেছে। তদন্তে উঠে আসতে পারে আরও বড় নাম।







