আপাতত রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের নীচে না নামলেও আবহাওয়ার খবরে রয়েছে শীতপ্রেমীদের জন্য বিশেষ বার্তা। আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার রাতের পর থেকেই পারদের পতনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। এর জেরে ধীরে ধীরে রাজ্যজুড়ে শীতের আমেজ আরও জোরালো হতে চলেছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের দাপট বজায় থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চলেই রাত ও ভোরের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার দাপট কিছুটা বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে আরও কম থাকবে, তবে দক্ষিণবঙ্গেও সকালের ঠান্ডা অনুভূত হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি শীতের এই দাপুটে ব্যাটিং থামবে না খুব তাড়াতাড়ি। বরং ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত শীতের প্রভাব বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। ফলে পুজোর সকালে কুয়াশা আর হালকা ঠান্ডার আবহ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। শুধু দিনের বেলায় রোদের তেজ কিছুটা বাড়লেও, রাতের দিকে শীতের কামড় টের পাওয়া যাবে।
এমনকি জানুয়ারির শেষ দিনগুলোতেও রাত ও ভোরে শীতের আমেজ অটুট থাকবে বলে পূর্বাভাস। তবে আবহাওয়া দফতর স্পষ্ট করেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে শীত বিদায় নিতে শুরু করবে। তখন ধীরে ধীরে বাড়বে দিনের তাপমাত্রা, কমবে রাতের শীত।
সব মিলিয়ে আপাতত শীতপ্রেমীদের জন্য সুখবর। জানুয়ারির বাকি দিনগুলোতে রাজ্যে শীতের অনুভূতি বজায় থাকবে। তাই সকাল-সন্ধ্যায় গরম পোশাক হাতের কাছে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।







