স্বাস্থ্য

ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়ারও দাপট! সাধারণ জ্বর ভেবে ভুল করলে বাড়তে পারে বিপদ

বর্ষার মরসুমে ডেঙ্গির পাশাপাশি ফের উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জমে থাকা জলে মশার বংশবিস্তার বেড়েছে। ডেঙ্গির জন্য দায়ী এডিস মশার পাশাপাশি সক্রিয় হচ্ছে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশাও। ফলে জ্বর এলেই শুধু ডেঙ্গি ধরে না নিয়ে ম্যালেরিয়ার সম্ভাবনাও মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের মতে, ম্যালেরিয়া মানেই কাঁপুনি দিয়ে জ্বর—এই ধারণা ঠিক নয়। রোগের শুরুতে তিন থেকে পাঁচ দিন সাধারণ জ্বর থাকতে পারে। পরে অনেক ক্ষেত্রে কাঁপুনি দিয়ে জ্বর আসা, জ্বর কমে ফের বেড়ে যাওয়া কিংবা নির্দিষ্ট সময় অন্তর জ্বরের মতো লক্ষণ দেখা দিতে পারে। তাই কয়েক দিন ধরে জ্বর থাকলে নিজে থেকে ওষুধ না খেয়ে রক্ত পরীক্ষা করানো জরুরি।

ভাইভ্যাক্স না ফ্যালসিপেরাম, কোনটি বেশি বিপজ্জনক?

ম্যালেরিয়ার প্রধান দুই পরজীবী হল প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম। সাধারণভাবে ভাইভ্যাক্স তুলনামূলক কম গুরুতর হলেও চিকিৎসকদের মতে, এটিকেও হালকা ভাবে নেওয়া উচিত নয়। চিকিৎসার পরেও পরজীবী লিভারে থেকে গিয়ে পরবর্তী সময়ে ফের সমস্যা তৈরি করতে পারে। রক্তাল্পতার মতো সমস্যাও দেখা দিতে পারে।

অন্যদিকে, ফ্যালসিপেরাম ম্যালেরিয়া দ্রুত জটিল আকার নিতে পারে। গুরুতর অবস্থায় রক্তকণিকা নষ্ট হওয়া, রক্ত জমাট বাঁধা, মস্তিষ্কে জটিলতা, খিঁচুনি কিংবা অচেতন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি কিডনি ও লিভার বিকল হওয়া, জন্ডিস, প্রস্রাব কমে যাওয়া এবং ফুসফুসে জল জমে তীব্র শ্বাসকষ্টও হতে পারে। শরীরের একাধিক অঙ্গ আক্রান্ত হলে রোগটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

কোন পরীক্ষা করাবেন?

ম্যালেরিয়া শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শে র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, ব্লাড স্মিয়ার এবং প্রয়োজনে ম্যালেরিয়া PCR করা হয়। কোন ধরনের ম্যালেরিয়া হয়েছে এবং চিকিৎসার ক্ষেত্রে কী সতর্কতা প্রয়োজন, তা বুঝতে কিছু ক্ষেত্রে G6PD পরীক্ষারও পরামর্শ দেওয়া হতে পারে।

জ্বর হলে কী করবেন?

ম্যালেরিয়া ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ ওষুধের কোর্স শেষ করা জরুরি। জ্বর কমে গেলেই ওষুধ বন্ধ করা ঠিক নয়। পাশাপাশি মশারি ব্যবহার, বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া এবং নিয়মিত মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করাও জরুরি।

তিন থেকে পাঁচ দিনেও জ্বর না কমলে বা বারবার জ্বর-কাঁপুনি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানোই নিরাপদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.