জেলা

আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ! মগরা থেকে গ্রেফতার চার, উদ্ধার ২টি পিস্তল ও ৪ লক্ষ টাকা

আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে হুগলির মগরা থেকে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ এবং নগদ চার লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, এর পিছনে একটি বড় চক্র কাজ করছে।

রবিবার মগরা থানায় সাংবাদিক বৈঠক করে অভিযানের বিস্তারিত জানান হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং। তিনি জানান, শনিবার রাতে কেনারাম বিশ্বাস, অরিন্দম দাস, স্বরাজ ভট্টাচার্য এবং অভিজিৎ ঘটককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পলাতক আরও তিন অভিযুক্ত মুন্না তেওয়ারি, ভাস্কর সেন ও সোমুর খোঁজ চলছে।

পুলিশ সূত্রে খবর, ত্রিবেণী ঘাট এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মুন্না তেওয়ারির বাড়িতে জড়ো হয়ে তোলাবাজির পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। সেখান থেকে বেরনোর সময়ই পুলিশ তাদের আটক করে। তদন্তকারীদের দাবি, ভাস্কর সেন ও স্বরাজ ভট্টাচার্য এই চক্রের নেতৃত্বে ছিল।

পুলিশ জানিয়েছে, ধৃত স্বরাজ ভট্টাচার্যের কাছ থেকে নগদ চার লক্ষ টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে, কেনারাম বিশ্বাস ও অরিন্দম দাসের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। কয়েকটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া টাকা ও অস্ত্রের উৎস জানার চেষ্টা চলছে।

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে যুক্ত ভুক্তভোগী ক্রিপ্টোকারেন্সি লেনদেনের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তোলাবাজির পরিকল্পনা করা হয়েছিল এবং এর পিছনে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃত চারজনকে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। বাকি তিন অভিযুক্তের সন্ধানে তল্লাশি অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.