কলকাতা: প্রায় ২,৮০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি মামলায় কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃতের নাম প্রত্যুষ কুমার সুরেকা (৪০)। শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। শনিবার তাঁকে বিশেষ পিএমএলএ আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রী গণেশ জুয়েলারি হাউস লিমিটেড (SGJHIL)। অভিযোগ, সংস্থা এবং তার প্রোমোটাররা ২৫টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের কনসোর্টিয়াম থেকে প্রায় ২,৬৭২ কোটি টাকা প্রতারণার মাধ্যমে ঋণ নিয়েছিল। ২০১৬ সালে সিবিআই দায়ের করা এফআইআরের ভিত্তিতেই এই আর্থিক তছরুপ মামলার তদন্ত শুরু করে ইডি।
জাল নথি, ভুয়ো ডিরেক্টর ও কোটি কোটি টাকার ফান্ড ডাইভারশন
তদন্তে ইডি দাবি করেছে, ২০১১-১২ সালে গয়না ব্যবসার জন্য নেওয়া ঋণ সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। বরং ‘সোলার পাওয়ার প্রকল্পে বিনিয়োগ’-এর নামে টাকা সরিয়ে দেওয়া হয় অন্যত্র। এই লেনদেনের সঙ্গে যুক্ত বলে উঠে এসেছে Alex Astral Power Pvt. Ltd.-এর নাম।
২০১২ সালের এপ্রিল মাসে প্রত্যুষ সুরেকা ওই সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর হন। এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক অনিয়ম। তদন্তকারীদের দাবি,
ভুয়ো ডিরেক্টর নিয়োগ
জাল নথি তৈরি
বানানো ঋণ ও ভুয়ো খরচ দেখিয়ে
অ্যাস্ট্রাল গ্রুপের বিভিন্ন সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা বাইরে সরানো হয়।
থাইল্যান্ড পালানোর চেষ্টা ব্যর্থ
ইডি সূত্রে জানা গিয়েছে, প্রত্যুষ সুরেকার বিরুদ্ধে ৫ জানুয়ারি লুক আউট সার্কুলার (LOC) জারি করা হয়েছিল। শুক্রবার তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পরই তাঁকে আটক করা হয়।
রিয়েল এস্টেট প্রতারণার আরেক মামলায় ইডির তদন্ত
এদিকে পৃথক এক মামলায় ইডি জানিয়েছে, হরিয়ানা ও রাজস্থানে প্রকল্প চালানো পিয়ুষ গ্রুপের বিরুদ্ধে ৬০০ কোটির বেশি টাকার প্রতারণার প্রমাণ মিলেছে। অভিযোগ, ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে আবাসন প্রকল্পের নামে বিপুল অর্থ সংগ্রহ করলেও গ্রাহকদের প্রতিশ্রুত ফ্ল্যাট দেওয়া হয়নি।
সংস্থার দুই মূল কোম্পানি বর্তমানে CIRP প্রক্রিয়ার আওতায়, ফরেনসিক অডিটে ব্যাপক ফান্ড ডাইভারশনের তথ্য সামনে এসেছে।
রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সক্রিয় ইডি
উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগেই কয়লা পাচার মামলায় তৃণমূলের ভোট কুশলী সংস্থা আই-প্যাকের অফিসে ইডি হানার ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আনেন, পাল্টা ইডি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তোলে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
এই টানাপোড়েনের মধ্যেই একের পর এক বৃহৎ আর্থিক জালিয়াতি মামলায় সক্রিয় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।







