অযোধ্যার রাম-মন্দিরের প্রণামী ও অনুদানের টাকা চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার বড় মোড়। তদন্ত শেষে রাম-মন্দির ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাই এবং ট্রাস্টের সদস্য অনিল মিশ্রকে নির্দোষ বলে উল্লেখ করেছে বিশেষ তদন্তকারী দল বা সিট।
সোমবার উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের তরফে সিটের চূড়ান্ত তদন্ত রিপোর্ট ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্টে স্পষ্ট করা হয়েছে, অনুদান চুরির ঘটনায় ট্রাস্টের এই দুই প্রাক্তন কর্তার সরাসরি কোনও যোগ পাওয়া যায়নি।
অভিযোগ প্রকাশ্যে আসার পর গত ২৭ জুন চম্পত রাই এবং অনিল মিশ্র দু’জনেই ট্রাস্টের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপরই ঘটনার তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে উত্তরপ্রদেশ সরকার। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থের নেতৃত্বে শুরু হয় তদন্ত।
তদন্তকারীরা মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান কীভাবে সংগ্রহ করা হত, টাকা জমা ও হিসাব সংরক্ষণের পদ্ধতি কী ছিল—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেন চম্পত রাই। তদন্তে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই মূল অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে সিট সূত্রে দাবি।
সিটের তদন্তের ভিত্তিতে এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
ফলে যে অভিযোগকে কেন্দ্র করে রাম-মন্দির ট্রাস্টের শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, তদন্তের চূড়ান্ত রিপোর্টে আপাতত সেই জল্পনায় ইতি পড়ল। সিটের রিপোর্ট অনুযায়ী, চম্পত রাই ও অনিল মিশ্রের বিরুদ্ধে অনুদান চুরির ঘটনায় কোনও প্রমাণ মেলেনি।






