মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়তেই বড়সড় চাপের মুখে ভারতের জ্বালানি বাজার। আন্তর্জাতিক সরবরাহে ধাক্কা লাগায় দেশে পেট্রল, ডিজেল ও সিএনজির দাম ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতেই ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিল আমেরিকা। ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, নয়াদিল্লির যতটা প্রয়োজন, ততটাই অপরিশোধিত তেল সরবরাহ করতে প্রস্তুত তারা।
মার্কিন প্রশাসনের দাবি, ভারত এখন শুধু বাণিজ্যিক অংশীদার নয়, বরং ইন্দো-প্যাসিফিক কৌশলে অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। সেই কারণেই জ্বালানি নিরাপত্তার প্রশ্নে দিল্লিকে অগ্রাধিকার দিচ্ছে আমেরিকা।
ভেনেজুয়েলার তেল ঘিরে নতুন সমীকরণ
বিশ্ববাজারে এই নতুন সমীকরণের কেন্দ্রে উঠে এসেছে ভেনেজুয়েলা। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের পর দেশটির বিপুল তেলভাণ্ডারের উপর মার্কিন প্রভাব বেড়েছে। এর ফলে আমেরিকার হাতে এখন অতিরিক্ত অশোধিত তেলের মজুত তৈরি হয়েছে। সেই বাড়তি সরবরাহের বড় অংশ ভারতের মতো বিশাল বাজারে পাঠাতে আগ্রহী ওয়াশিংটন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইতিমধ্যেই কয়েক কোটি ব্যারেল ভেনেজুয়েলার তেল আমেরিকায় পৌঁছেছে। এখন সেই জ্বালানিকেই কৌশলগতভাবে ব্যবহার করতে চাইছে হোয়াইট হাউস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর কথায়, “ভারত আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তা—সব ক্ষেত্রেই একসঙ্গে কাজ করার বিশাল সুযোগ রয়েছে।”
কূটনীতির কেন্দ্রবিন্দুতে ভারত
এই আবহেই আগামী ২৪ থেকে ২৬ মে ভারত সফরে আসছেন মার্কো রুবিও। দিল্লির পাশাপাশি আগ্রা, জয়পুর ও কলকাতাতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কলকাতা সফর ঘিরে কূটনৈতিক মহলে বাড়ছে জল্পনা।
বিশেষজ্ঞদের মতে, এই সফরে জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একইসঙ্গে ভারত-আমেরিকা সম্পর্ককে আরও গভীর করার রূপরেখাও তৈরি হতে পারে এই সফরে।
দাম কমার আশা?
বিশ্লেষকদের মতে, আমেরিকা থেকে অতিরিক্ত তেল আমদানি শুরু হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে চাপ কিছুটা কমতে পারে। জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলে পেট্রল-ডিজেলের দামের ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার উপরই নির্ভর করবে ভবিষ্যতের বাজারচিত্র।







