বিনোদন

ধর্মীয় মন্তব্যে নতুন বিতর্ক, রহমানকে কটাক্ষ অনুপ জলোটার

এ আর রহমানকে ঘিরে ধর্মীয় বিভাজন সংক্রান্ত বিতর্ক থামার নামই নিচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজ হারানোর প্রসঙ্গে মন্তব্য করে নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে আসেন অস্কারজয়ী এই সুরকার। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার ব্যঙ্গাত্মক মন্তব্য করে শোরগোল বাড়ালেন ভজনসম্রাট অনুপ জলোটা। তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা।

এক সাক্ষাৎকারে রহমান দাবি করেছিলেন, গত আট বছরে তিনি একাধিক কাজ হারিয়েছেন। তাঁর মতে, সরাসরি কেউ কিছু না বললেও এর নেপথ্যে ধর্মীয় বিভাজন কাজ করেছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নানা মহল থেকে শুরু হয় সমালোচনা ও কটাক্ষ। বলিউডের একাংশ বিষয়টিকে অতিরঞ্জিত বলে মনে করলেও, কেউ কেউ আবার রহমানের বক্তব্যের সমর্থনেও মুখ খুলেছেন।

এই আবহেই একটি ভিডিয়োবার্তায় অনুপ জলোটা ব্যঙ্গের সুরে রহমানকে ‘পরামর্শ’ দেন। তিনি বলেন, এ আর রহমানের জন্ম হিন্দু পরিবারে, তাঁর আগের নাম ছিল দিলীপ কুমার রাজাগোপালা। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সাফল্যের শিখরে পৌঁছন। কিন্তু যদি সত্যিই ধর্মের কারণে কাজ না পান, তা হলে আবার ধর্ম পরিবর্তন করে দেখা উচিত— এমনই মন্তব্য করেন জলোটা।

ভজনশিল্পীর কথায়, “ফের ধর্ম পরিবর্তন করলে কাজ পাওয়া যাবে— এটা মন থেকে বিশ্বাস করতে হবে।” তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই একে কটাক্ষপূর্ণ ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ জলোটার বক্তব্যকে সমর্থনও করেছেন।

এর আগেই নিজের মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেন এ আর রহমান। তিনি জানান, সঙ্গীতের মাধ্যমে তিনি সব সময় ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানাতে চেয়েছেন। নিজেকে ভারতবাসী হিসেবে গর্বিত বলেও উল্লেখ করেন। তবে সমালোচকদের একাংশের দাবি, ক্রমবর্ধমান বিতর্কের চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরকার।

সব মিলিয়ে ধর্ম, সংস্কৃতি ও সৃজনশীলতার সম্পর্ক নিয়ে এই বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে। এ আর রহমান ও অনুপ জলোটার মন্তব্য ঘিরে আলোচনার উত্তাপ যে আপাতত কমছে না, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.