জেলা

ব্যস্ত শহরের বুকে গ্রাম বাংলার ছোঁয়া

অনুপম জানা: মেদিনীপুর শহরের ব্যস্ততায় যেখানে ঝলমলে প্যান্ডেলই এখন মূল আকর্ষণ, সেখানে একেবারে উল্টো পথে হাঁটল রাঙ্গামাটির ‘বিন্দাস মেস’। সরস্বতী পুজোয় শহরের মাঝেই টেনে আনা হল গ্রাম বাংলার চিরচেনা পরিবেশ। কুমারটুলি থেকে আনা প্রতিমা, মাটির গন্ধমাখা সাজ ও সহজ-সরল মণ্ডপ—সব মিলিয়ে নজর কাড়ল শহরবাসীর।

এই পুজোয় নেই বড় বাজেটের আলোকসজ্জা কিংবা আড়ম্বর। মেসের প্রায় তিরিশ জন ছাত্র নিজেদের হাতেই গড়ে তুলেছেন গ্রাম্য পরিবেশের মণ্ডপ। ছোট প্রতিমা, খড়-মাটির ব্যবহার আর লোকজ অনুষঙ্গেই তৈরি হয়েছে এক অন্য রকম আবহ। আর সেই আবহই টেনে আনছে দর্শনার্থীদের—বড় প্যান্ডেল ছাপিয়ে ভিড় জমছে এই মেস পুজোতেই।

যেখানে মেসজীবন মানেই আজ মোবাইল আর ইন্টারনেটের একাকিত্ব, সেখানে পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে বিন্দাস মেস। ছাত্রদের কথায়, মেস মালিক কৃষ্ণাসিস মাইতির অদম্য ইচ্ছা ও সহযোগিতাতেই এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। কুমারটুলি থেকে প্রতিমা আনতে নানা বাধা পেরোতে হলেও শেষ পর্যন্ত সাফল্য এসেছে।

চন্দ্রকান্ত সামন্ত, পবিত্র শাসমল, দেবজ্যোতি রানা-সহ মেসের সকলের সম্মিলিত প্রয়াসে গড়ে ওঠা এই মণ্ডপ মেদিনীপুর শহরে প্রথম স্থান অধিকার করেছে বলেই দাবি আয়োজকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.