কলকাতা

কলকাতা মেট্রোয় ফিরছে রিটার্ন টিকিট, নিত্যযাত্রীদের বড় স্বস্তি

কলকাতা মেট্রোয় দীর্ঘ ১৫ বছর পর ফিরছে রিটার্ন টিকিটের সুবিধা। ফলে নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে, পাশাপাশি স্টেশনগুলির টিকিট কাউন্টারে ভিড়ও উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

এক সময় কলকাতা মেট্রোতে রিটার্ন টিকিট কেটে আসা-যাওয়া একবারেই সেরে নেওয়ার সুবিধা ছিল। কিন্তু সেই ব্যবস্থা উঠে যাওয়ার পর যাত্রীদের দু’বার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হত। বর্তমানে স্মার্ট কার্ড ব্যবহারের প্রবণতা বাড়লেও এখনও বহু যাত্রী কার্ড ব্যবহার করেন না বা করতে পারেন না। তাঁদের জন্য প্রতিদিনই টিকিট কাটতে গিয়ে সমস্যার মুখে পড়তে হত।

২০১১ সালের ৩০ জুলাই স্ট্রিপের কাগজের টিকিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরদিন, ১ অগাস্ট থেকে মেট্রোয় টোকেন ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থায় রিটার্ন টিকিটের কোনও সুযোগ ছিল না। আসা-যাওয়ার দু’টি টিকিট একসঙ্গে কাটার সুবিধা না থাকায় কাউন্টারে ভিড় বাড়ত।

এবার সেই সমস্যার সমাধানে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মেট্রোয় চালু হয়েছে কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট। আর এই কিউআর কোড টিকিটেই ফের চালু হচ্ছে রিটার্ন টিকিটের সুবিধা। ফলে আপ ও ডাউন—দু’দিকের যাত্রার টিকিট একবারেই কাটা যাবে।

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনগুলিতে টিকিট কাউন্টারের সংখ্যা ধীরে ধীরে কমছে। এর ফলে প্রতিটি স্টেশনে লম্বা লাইনের ছবি প্রায় রোজকার। রিটার্ন টিকিট চালু হলে যাত্রীদের কাউন্টারে দাঁড়ানোর সংখ্যা কমবে এবং চাপও অনেকটাই হালকা হবে।

এছাড়াও, ২৫, ৩৫, ৪০ বা ৪৫ টাকার মতো ভাড়ার ক্ষেত্রে খুচরো দেওয়া-নেওয়া নিয়ে যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, তা অনেকটাই মিটবে বলে আশা। খুচরোর অভাবে টিকিট না পাওয়া কিংবা তা নিয়ে রেলকর্মী ও যাত্রীদের মধ্যে বচসার অভিযোগ বারবার উঠেছে। যাত্রীদের একাংশের বক্তব্য, খুচরো জোগাড় করা তাঁদের দায়িত্ব নয়, এটি রেল বা সরকারেরই কাজ।

রিটার্ন টিকিটের প্রত্যাবর্তনে সেই অস্বস্তিকর পরিস্থিতিও অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। নিত্যযাত্রীদের দাবি, এই সিদ্ধান্ত মেট্রো যাত্রাকে আরও যাত্রীবান্ধব করে তুলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.