স্বাস্থ্য

অকালমৃত্যুর দায় কি কোভিড টিকা? AIIMS–ICMR গবেষণায় স্পষ্ট উত্তর, ভাঙল ভ্যাকসিন-ভ্রান্তি

এক সময় অল্প বয়সে হঠাৎ মৃত্যুকে বিরল ঘটনা বলেই ধরা হত। কিন্তু সাম্প্রতিক বছরে জিম, অফিস, হাঁটার পথ—নিত্যদিনের পরিচিত জায়গাগুলিতেই কম বয়সিদের আকস্মিক মৃত্যুর খবর ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে সমাজমাধ্যমে একটি প্রশ্ন বারবার উঠে আসছে—কোভিড-১৯ টিকাই কি এই অকালমৃত্যুর জন্য দায়ী?

এই বিতর্কে গুরুত্বপূর্ণ স্পষ্টতা আনল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর একটি বিস্তৃত গবেষণা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর অধীন ‘ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ’-এ প্রকাশিত এই সমীক্ষা জানাচ্ছে, ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের আকস্মিক মৃত্যুর সঙ্গে কোভিড টিকাকরণের কোনও প্রত্যক্ষ বা কার্যকারণ সম্পর্ক নেই।

২০২৩ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এক বছর ধরে চালানো এই গবেষণায় শুধুমাত্র চিকিৎসাবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী ‘আকস্মিক মৃত্যু’ সংক্রান্ত মামলিই অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি ক্ষেত্রে মৌখিক ইতিহাস, ইমেজিং, সম্পূর্ণ ময়নাতদন্ত এবং টিস্যুর অণুবীক্ষণ বিশ্লেষণের মাধ্যমে মৃত্যুর কারণ যাচাই করা হয়েছে। দুর্ঘটনা, আত্মহত্যা, হিংসা বা মাদকাসক্তির মামলাগুলি গবেষণার বাইরে রাখা হয়েছিল।

গবেষণায় উঠে এসেছে, অল্প বয়সিদের আকস্মিক মৃত্যুর প্রধান কারণ করোনারি আর্টারি ডিজিজ—যা এতদিন মধ্যবয়সিদের রোগ বলেই পরিচিত ছিল। অনেক ক্ষেত্রেই এই হৃদরোগ আগে কখনও ধরা পড়েনি, কোনও উপসর্গও ছিল না। এছাড়াও নিউমোনিয়া ও যক্ষ্মার মতো শ্বাসযন্ত্রজনিত রোগকেও উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

AIIMS-এর প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাঃ সুধীর আরাভা জানিয়েছেন, এই গবেষণা ভ্যাকসিন ঘিরে ছড়ানো ভ্রান্ত ধারণার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দলিল। তাঁর মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তাই অকাল হৃদরোগের মূল কারণ।

গবেষণা তাই শুধু একটি গুজব খারিজ করেনি, বরং কম বয়স থেকেই হৃদযন্ত্র পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং বিজ্ঞানের উপর আস্থা রাখার প্রয়োজনীয়তার দিকেই স্পষ্ট বার্তা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.