নতুন বছরের শুরুতেই নিপা ভাইরাস থাবা বসিয়েছে বঙ্গে। বাংলা ছাড়িয়েছে এই ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে গোটা ভারতে। এবার অবশেষে বাংলায় তৈরি হওয়া নিপা ভাইরাস নিয়ে রিপোর্ট পেশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে নিপা ভাইরাস সংক্রমণের সংখ্যা তুলনামূলক কম। সেই হিসেবে ভারতে ভ্রমণ বা বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম নিশেধাজ্ঞার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “আগেও নিপা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে নিজের ক্ষমতা দেখিয়েছিল ভারত। এবারও রাজ্য ও জাতীয় স্তরে জনস্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ অনুসরণ করছে। এখনও পর্যন্ত মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ নেই।” ভারতে নিপা সংক্রমণ শুরু হতেই হংকং, থাইল্যান্ড, তাইওয়ান, মালয়শিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, নেপালে করোনার মতো হেলথ স্ক্রিনিং শুরু করে দিয়েছে।
নিপা ভাইরাসে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দুজন নার্স আক্রান্ত হয়েছে। বর্তমানে ওই দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ডিসেম্বরের শেষে এই ভাইরাসে আক্রান্তের হদিশ পাওয়া গেছে। জানুয়ারি মাসে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। গত ১৩ জানুয়ারি পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে রিপোর্ট পেশ করা হয়। ২১ জানুয়ারির পেশ করা রিপোর্ট অনুযায়ী আক্রান্ত পুরুষ নার্স সুস্থ হয়ে উঠেছেন। এবং আক্রান্ত মহিলা রোগীর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক ।







