রাজ্যে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে ক্রমেই উদ্বেগ বৃদ্ধি হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ১৪০ জনের হতাহতের খবর সামনে এসেছে। অভিযোগ, তাঁদের মধ্যে বহু ব্লক লেভেল অফিসার কাজের অতিরিক্ত চাপের জেরে অসুস্থ হয়ে পরে, আবার কেউ কেউ মানসিক চাপে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, যেখানে রাজ্যজুড়ে অন্তত ৫০ হাজার শিক্ষকের সক্রিয় উপস্থিতি অপরিহার্য।
এসআইআরের কাজ থেকে অব্যাহতি না পেলে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষকের দায়িত্ব পালন কার্যত অসম্ভব হয়ে উঠবে। তাই বাস্তবতা বুঝতে পেরেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবু কেন শিক্ষকদের ওপর BLO হিসেবে নির্বাচনী কাজের চাপ বজায় রাখা হচ্ছিল, তাই নিয়ে এবার সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার তৃণমূল ভবন থেকে তিনি কেন্দ্রের পক্ষ থেকে এসআইআরের আড়ালে মাধ্যমিক পরীক্ষা বানচাল করার চেষ্টা চলেছে বলে গুরুতর অভিযোগ করেন। তাঁর দাবি, বিজেপি ও কেন্দ্রীয় সরকার চাইছে না বাঙালি পড়ুয়ারা নির্বিঘ্নে পরীক্ষা দিক। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার পরীক্ষার্থীদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।
এই প্রেক্ষাপটে মধ্যশিক্ষা পর্ষদ কড়া নির্দেশিকা জারি করে। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন শিক্ষকদের শুধুমাত্র স্কুল ও পরীক্ষাসংক্রান্ত দায়িত্বেই নিয়োজিত থাকতে হবে। নির্বাচনী কাজে তাঁদের বাধ্য করা যাবে না। ইতিমধ্যেই এই রাজ্যের নির্বাচনী আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, রাজ্যের ২৩টি জেলার শিক্ষকরা পরীক্ষার দিন বিকেল ৪:৩০ নাগাত BLO দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। কারণ, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রে নজরদারি ও সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট জানানো ছিল যে পরীক্ষার সময় নয়, শুধুমাত্র ছুটির দিন বা পরীক্ষা শেষে শিক্ষকদের নির্বাচনী কাজে ব্যবহার করতে হবে। তাই সেই নিয়ম অনুসারে পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী দিনে পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর।







